ফার্মগেটে বাসে আগুন, মেট্রোরেলের স্টেশনে ধোঁয়া

ফার্মগেটে বাসে আগুন
অপরাধ
দেশে এখন
0

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেয়া হয়েছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকেছে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে যাত্রীরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যান।

আজ (সোমবার, ৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনার পর আধা ঘণ্টার মতো মেট্রোরেল স্টেশনটি বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সন্ধ্যা ৭টা ২ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেয়া হয়। এরপর ধোঁয়া স্টেশনের ভেতর ঢুকে যায়। এসময় ধোঁয়ার কারণে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে স্টেশনের ভেতরে থাকা যাত্রীরা ছোটাছুটি শুরু করেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

আরও পড়ুন:

সংস্থাটির দায়িত্বশীল একটি সূত্র বলছে, ডিজেল জেনারেটরে এক হাজার লিটারের মতো ডিজেল রয়েছে। বাসের আগুন ডিজেল জেনারেটরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারতো। সে কারণে যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেয়া হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, ‘বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান প্রথম আলোকে বলেন, ‘যে বাসে আগুন দেয়া হয়েছে, সেটির কোনো যাত্রী ও চালককে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে কারা বাসে আগুন দিয়েছে, সেটা শনাক্তের চেষ্টা চলছে।’

এসএস