২০১৮ বিশ্বকাপের আয়োজনের পর থেকে আর কোনো ফিফার আসরে দেখা যায়নি একসময়ের ফুটবল পরাশক্তি রাশিয়াকে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ফুটবলের সর্বোচ্চ আসর থেকে দেশটির ওপর আনা হয়েছে নিষেধাজ্ঞা। তবে, এমন সিদ্ধান্ত খুব বেশি বিপাকে ফেলেনি রাশিয়াকে।
অন্তত আর্থিক হিসাব সেই তথ্যই প্রকাশ করছে। বিগত ৪ বছরে নিয়মিত প্রীতি ম্যাচ খেলেছে ইউরোপের দেশটি। চলতি সপ্তাহেই ভেনিজুয়েলার মুখোমুখি হয় তারা। যুদ্ধ শুরুর পর থেকে এটি তাদের ৩৪তম ম্যাচ। আর এই সময়ে প্রীতি ম্যাচের বাইরে ফিফা এবং উয়েফা থেকেও নিয়মিত অর্থ সাহায্য পেয়েছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।
দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনের ভাষ্য, বিগত ৪ বছরে ফিফা এবং উয়েফার পক্ষ থেকে রাশিয়ার আয় হয়েছে ৩০ মিলিয়ন পাউন্ডের বেশি। কেবল ফিফা থেকেই ২০২২ সালের বিশ্বকাপের কারণে রাশিয়ান ফুটবলে আয় ছিল ৬ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড। ২০২৬ সালের আয়ের হিসাব প্রকাশ করা হয়নি। এছাড়া উয়েফা থেকে ২০২১-২২ মৌসুমে রাশিয়া পেয়েছিল ২৫ মিলিয়ন পাউন্ড। যুদ্ধ শুরুর পর এই অঙ্কের পরিমাণ কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি। আবার ২০২৪-২৫ মৌসুমে রাশিয়ান ফুটবল ইউনিয়ন উয়েফা থেকে পেয়েছিল ৭ দশমিক ৯ মিলিয়ন পাউন্ড।
এই সংখ্যাগুলো উয়েফার নতুন নীতিমালার কারণে আরও বেশি বাড়তে পারে। সেইসঙ্গে ফিফায় রাশিয়ান প্রতিনিধিদের উপস্থিতিও দেশটির অবস্থান ফুটবল বিশ্বে প্রতিনিয়ত আরও বেশি শক্তিশালী করেছে। স্বাভাবিকভাবেই তাই নিষেধাজ্ঞার খুব বড় কোনো প্রভাবও দেখা যায়নি রাশিয়ায়।
রুশ সভ্যতার ইতিহাসের অন্যান্য নেতাদের মতোই ভ্লাদিমির পুতিনও মূলত খেলাধুলাকে ব্যবহার করেছেন নিজের ইমেজ বাড়ানোর মন্ত্র হিসেবে। ২০১৮ সালে বিশ্বকাপ আয়োজন কিংবা ভলিবল বা স্কি থেকে রাশিয়ার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সিদ্ধান্তগুলো খেলার জগতে রাশিয়ার বড় প্রভাবকেই চিহ্নিত করছে। হয়ত, খুব শীঘ্রই এর প্রভাব দেখা যাবে ফুটবলেও।





