জিম্বাবুয়ের ২২ বছরের অপেক্ষার অবসান

ম্যাচ জয়ের পর জিম্বাবুয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ক্রিকেট
এখন মাঠে
0

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান। রোমাঞ্চকর লড়াই শেষে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) শারজায় সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে এই জয় নিশ্চিত করে তারা। প্রথম টেস্ট ড্র হওয়ার পর এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় জিম্বাবুয়ে।

গ্রায়েম ক্রেমারের বলে জিয়াউর রহমান শরিফির ব্যাটের কানায় লেগে বল সিলি পয়েন্টে ব্রায়ান বেনেটের হাতে জমা পড়তেই উল্লাসে ফেটে পড়ে জিম্বাবুয়ে শিবির। দীর্ঘ প্রতীক্ষার পর টেস্ট সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠেন খেলোয়াড়েরা।

এর আগে, ২০০৪ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল জিম্বাবুয়ে। এরপর প্রায় দুই দশকের বেশি সময় অপেক্ষা করতে হলো তাদের।

ম্যাচের পঞ্চম দিন ৫ উইকেটে ১৪৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। জয়ের জন্য প্রয়োজন ছিল ৪১৮ রান। দিনের শুরু থেকেই জিম্বাবুয়ের বোলারদের সামলে প্রতিরোধ গড়েন আফগান ব্যাটাররা। ১৬৭ রানে ইকরাম আলিখিলের বিদায়ের পর আফসার জাজাই ও নাসির খান মারুফখিলের ব্যাটে লড়াই চালিয়ে যায় দলটি।

আরও পড়ুন:

সপ্তম উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়েন দুজন। ১০১.৩ ওভারে ২৮১ রানে জাজাই আউট হলে ভাঙে সেই জুটি। এরপর ২৯৯ রানে ইয়ামিন আহমাদজাইয়ের বিদায়ে চাপে পড়ে আফগানিস্তান। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান নাসির। শেষ পর্যন্ত টেলএন্ডারদের নিয়ে তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

নবম উইকেটে মোহাম্মদ সেলিম সাফির সঙ্গে জুটি গড়ে আফগানিস্তানের সংগ্রহ ৩৫৮ রানে নিয়ে যান নাসির। ১২৬.১ ওভারে সেলিম সাফি আউট হওয়ার পর ম্যাচ বাঁচানোর শেষ চেষ্টা করে আফগানিস্তান। আলো স্বল্পতার মধ্যে উইকেটে টিকে থাকতে সময়ক্ষেপণও করেন ব্যাটাররা।

তবে জিম্বাবুয়ের বোলারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে শেষ উইকেটের পতন ঘটলে ৫৭ রানের জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। নাসির খান মারুফখিল ১০১ রানে অপরাজিত থাকলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

এর আগে প্রথম ইনিংসে ব্রেন্ডন টেলরের সেঞ্চুরিতে ৩৩৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্লেসিং মুজারাবানি ও ভিনসেন্ট মাসেকেজার বোলিং তোপে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

দ্বিতীয় ইনিংসে ২৯৫ রান যোগ করে আফগানিস্তানের সামনে ৪১৮ রানের লক্ষ্য দাঁড় করায় জিম্বাবুয়ে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৩৬০ রানেই থামে আফগানদের ইনিংস। আর তাতেই দীর্ঘ ২২ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় জিম্বাবুয়ে।

এসএস