লর্ডসে শুরু, মিরপুরে শেষ—মুশফিকের টেস্ট অধ্যায়ের সমাপ্তি

মুশফিকুর রহিম
ক্রিকেট
এখন মাঠে
0

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাক তুলে রাখবেন মুশফিকুর রহিম। দীর্ঘ টেস্ট ক্যারিয়ারে মুশফিক গড়েছেন একাধিক রেকর্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি, একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক। বিশ্বের একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে করেছেন দুটি ডাবল সেঞ্চুরি।

আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচ দিয়েই ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ফলে ভালোবাসা দিবসের ম্যাচটি শুধু সিরিজ জয়ের লড়াই নয় হয়ে উঠবে দেশের ক্রিকেটের অন্যতম সফল এক টেস্ট ক্রিকেটারের বিদায়ী মঞ্চ।

বিদায়ের এই ঘোষণার আসার আগে সাদা পোশাকে বেশ ভালোভাবেই নিজের ছাপ রেখে যাচ্ছেন মুশফিকুর রহিম। তার নামের পাসের পরিসংখ্যানগত অর্জনও বাংলাদেশের ক্রিকেটে এক স্থায়ী মানদণ্ড তৈরি করেছে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১০৮টি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের দখলে। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন তিনি।

দেশের জার্সিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন ৭ হাজার রানের মাইলফলক। দেশের হয়ে সর্বোচ্চ ১৪ সেঞ্চুরি এবং দ্বিতীয় সর্বোচ্চ ৩০টি হাফসেঞ্চুরির কীর্তিও তার নামের পাশে।

ব্যাট হাতে যেমন দলের ভরসা হয়েছেন, তেমনি উইকেটের পেছনেও সামলেছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। আন্তর্জাতিক টেস্টে এমন একটি কীর্তি মুশফিক নিজের করে নিয়েছেন, যা টেস্ট ক্রিকেটে আর কোনো উইকেটকিপার-ব্যাটার অর্জন করতে পারেননি।

টেস্ট ক্রিকেটে বিশেষজ্ঞ উইকেটকিপার-ব্যাটার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি করার একমাত্র নজির মুশফিকুর রহিমের। অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনিরাও গড়তে পারেননি এমন কীর্তি। কুমার সাঙ্গাকারার ক্যারিয়ারে ১১টি ডাবল সেঞ্চুরি থাকলেও সেগুলো ছিলো বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করা দীর্ঘ পথচলার শেষ অধ্যায় লেখা হবে সেই ইংল্যান্ডের বিপক্ষে ঢাকার মাঠে। তারিখটি ভালোবাসা দিবস-বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দিনটি তাই এবার শুধু ভালোবাসার নয়, মুশফিককে বিদায় জানানোরও।

জেআর