অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। তারপরও গ্রুপের তৃতীয় হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ রয়েছে অর্পিতাদের সামনে। সেই লক্ষ্যে অর্জনে আজ ভিয়েতনামের বিপক্ষে অন্তত ড্র করতে হবে মেয়েদের।
ম্যাচের আগেরদিন ব্যাংককে গরম ও আর্দ্র আবহাওয়ার মধ্যেও কোচ পিটার বাটলারের অধীনে হয়েছে নিবিড় সেশন। টেকনিক্যাল ড্রিল, পাসিং ও ম্যাচ পরিস্থিতি নিয়ে অনুশীলনের পাশাপাশি কৌশলগত দুর্বলতা নিয়ে কাজ করেছে কোচিং স্টাফরা। বিশেষ গুরুত্ব পেয়েছে রক্ষণভাগে প্রতিপক্ষকে চেপে ধরার কৌশল নিয়ে।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী সহকারী কোচ আবুল হোসেন।
আরও পড়ুন:
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সহকারী কোচ আবুল হোসেন বলেন, ‘আমরা কোচেরা সব সময় আত্মবিশ্বাসী, খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী কারণ তারা প্রতি ম্যাচে ভালো খেলেছে। যদিও আমরা দুইটা ম্যাচ হেরেছি। আশা করি আমরা আগামী ম্যাচ জিতে পরের রাউন্ডে যাবো।’
দলের সব খেলোয়াড় সুস্থ থাকায় পুরো স্কোয়াড প্রস্তুত রয়েছে ভিয়েতনামকে রুখে দিতে এমনটাই জানিয়েছেন ফুটবলার সৌরভী আকন্দ প্রীতি।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড় সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘আমরা ভালোভাবেই প্রস্তুতি শেষ করেছি। কোচ আমাদের বিভিন্ন বিষয়ে কোচিং করিয়েছে। কোচ আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবে খেলবো।’
এ ম্যাচে না জিতলেও শুধু রুখে দিতে পারলেই অন্তত গ্রুপের তৃতীয় দল হিসাবে শেষ আট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ। তিন গ্রুপে ছয়টি দল এখনো কোনো পয়েন্ট পায়নি।
তৃতীয় স্থানধারীদের মধ্যে মাইনাস ৩ গোল পার্থক্য নিয়ে উজবেকিস্তান ও চাইনিজ তাইপের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের নানথাবুড়ি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।





