সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি: প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল

অনুশীলনে নারী ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের যাত্রা থাইল্যান্ডে। দুই প্রস্তুতি ম্যাচ দিয়েই শিরোপার পথে যাত্রা শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে হ্যাটট্রিক সাফ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের মেয়েরা।

হ্যাটট্রিক শিরোপার হাতছানি। নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ! সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এবার ভিন্ন প্রস্তুতিতে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৩ এপ্রিল থেকে ৩ মে চট্টগ্রামের ইপিজেডে টানা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মনিকা-আফঈদারা। লক্ষ্য একটাই টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা ধরে রাখা।

ঘরের মাঠের প্রস্তুতি শেষ করে এবার বিদেশের মাটিতে নিজেদের আরও ঝালিয়ে নেয়ার পালা। ১৫ দিনের বিশেষ ট্রেনিং ক্যাম্প করতে থাইল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। এই ক্যাম্পে থাকবে কঠোর অনুশীলন, পাশাপাশি ম্যাচ প্র্যাকটিসের সুযোগও।

বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব অর্থাৎ টায়ার ওয়ান লিগের ক্লাবের দুইটা ক্লাবের সাথে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলবো। ক্লাব দুটো হচ্ছে—একটা ১০ তারিখে আমরা যে প্র্যাকটিস ম্যাচটা খেলব, সেটা হচ্ছে কাসিম বান্ডিত এফসি। আর ১৭ তারিখে আরেকটা ম্যাচ খেলবো, সেটা হচ্ছে ব্যাংকক স্পোর্টস স্কুল এফসি। এই দুইটা ক্লাবের সাথে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলবো এবং একইভাবে থাইল্যান্ড থেকে আমরা ২১শে মে রওনা দিবো ইন্ডিয়াতে।’

আরও পড়ুন:

বিদেশের এই প্রস্তুতিকে কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। অধিনায়ক আফঈদার কণ্ঠে প্রত্যয়, দেশের জন্য হ্যাট্রিক শিরোপা।

বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘চট্টগ্রামে ক্যাম্প করেছি, তারপর এখন আমরা থাইল্যান্ডে যাব ক্যাম্প করার জন্য। আগে আমরা বিদেশে ক্যাম্প করার সুযোগ পেতাম না, তো ফুটবল ফেডারেশন এখন আমাদের সেই সুযোগটা তৈরি করে দিচ্ছে। আমরা অবশ্যই চেষ্টা করব এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার। এবং যেহেতু হ্যাট্রিক চ্যাম্পিয়নের সুযোগ, ইনশাআল্লাহ আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

থাইল্যান্ডের এই সফর থেকেই সাফ ইতিহাসে প্রথম নারী দল হিসেবে টানা তিন শিরোপার মিশনে যাত্রা শুরু করবে বাংলাদেশ। নিজের শেষ অ্যাসাইনমেন্টে কোচ পিটার বাটলারও চান শিরোপা উৎসব করতে।

ইএ