নিরাপত্তা শঙ্কা আর ভিসা জটিলতার মধ্যেই ইরানের চলছে বিশ্বকাপ প্রস্তুতি

ইরান ফুটবল দলে খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা শঙ্কার মাঝেও থেমে নেই ইরানের বিশ্বকাপ প্রস্তুতি। মাঠের লড়াই শুরুর আগেই ভিসা জটিলতা আর আন্তর্জাতিক চাপ সামলাতে ব্যস্ত দলটি। তুরস্কে চলছে তাদের প্রস্তুতি ক্যাম্প, আর একই সঙ্গে চলছে যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা প্রক্রিয়া। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আলোচনায় ইরানের রাজনৈতিক বাস্তবতাও।

বিশ্বকাপের মাঠে নামার আগেই ইরানের জন্য শুরু হয়েছে আরেক লড়াই। ভিসা আর নিরাপত্তা নিয়ে দৌড়ঝাঁপ। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে দলটি।

তুরস্কের রাজধানী আঙ্কারাতে গতকাল (বৃহস্পতিবার, ২১মে) কানাডার ভিসার আবেদন করেছে পুরো ইরান দল। পাশাপাশি কয়েকজন খেলোয়াড় জমা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনও।

ইরান ফুটবল ফেডারেশনের দাবি, সাম্প্রতিক সংঘাতের কারণে অনেক খেলোয়াড় আগে যুক্তরাষ্ট্রের ভিসা করতে পারেননি। ফেডারেশনের তথ্য অনুযায়ী যুদ্ধের আগে যে সব খেলোয়াড় ভিসা পাননি তাদের আবেদন প্রক্রিয়া তুরস্ক থেকেই সম্পন্ন করছে তারা।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র,কানাডা ও মেক্সিকোতে। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে লস অ্যাঞ্জেলেসে নিজেদের গ্রুপ ম্যাচ খেলবে ইরান। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে লড়বে তারা। ইরানের সব গ্রুপ ম্যাচ যুক্তরাষ্ট্রে হলেও, পরের রাউন্ডে যেতে হলে প্রয়োজন হতে পারে কানাডার ভিসাও।

এদিকে তুরস্কের- আনতালিয়াতে চলছে ইরানের প্রস্তুতি ক্যাম্প। যুদ্ধ পরিস্থিতিতে দেশটির ঘরোয়া লিগ বন্ধ থাকায় অনেক খেলোয়াড়ই ছিলেন দীর্ঘদিন মাঠের বাইরে। কোচ এখন চেষ্টা করছেন দলকে আবার প্রতিযোগিতামূলক ছন্দে ফেরাতে।

বিশ্বকাপের আগে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান। এরপর ১ জুন ঘোষণা করা হবে ইরানের চূড়ান্ত স্কোয়াড। রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও বিশ্বকাপ মিশনে ইরান। আপাতত তাদের নজর মাঠের পারফরম্যান্সে।

জেআর