ঘরের মাঠে প্রীতি ম্যাচে রাতে ব্রাজিলের প্রতিপক্ষ পানামা

ব্রাজিল ফুটবলদল
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ মিশন শুরুর আগে আজ (রোববার, ৩১ মে) প্রীতি ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ম্যাচ শুরু দিবাগত রাত সাড়ে ৩টায়। ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ নিয়ে কথা বলার পাশাপাশি জানিয়েছেন নেইমারের সবশেষ অবস্থার কথা।

রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়াম, যার সঙ্গে জড়িয়ে আছে ব্রাজিলের কান্না, হাহাকার আর অসংখ্য গৌরবের ইতিহাস। বিশ্বকাপের বিমানে ওঠার আগে এই মাঠেই সেজেছে সেলেসাওদের শেষ বিদায়ী মঞ্চ।

পরিসংখ্যান বলছে, মারাকানায় ব্রাজিলের রেকর্ড প্রতিপক্ষের জন্য এক জীবন্ত আতঙ্ক। এই মাঠে খেলা শেষ ৫০ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে হেরেছে ব্রাজিল। চেনা গ্যালারির এই অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক সুবিধাকে পুঁজি করেই আজ দিবাগত রাত সাড়ে ৩টায় পানামার বিপক্ষে নামছে আনচেলত্তি বাহিনী।

তবে ম্যাচ ছাপিয়ে এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় আলোচনার নাম—নেইমার জুনিয়র। সান্তোসের দেয়া মাইল্ড এডিমার রিপোর্ট ভুল প্রমাণ করে, জাতীয় দলের ক্যাম্পে গ্রেড-টু ক্যাফ ইনজুরি ধরা পড়েছে এই পোস্টার বয়ের। তবে খোদ হেড কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে।

আরও পড়ুন:

ব্রাজিলের হটসিটে বসার পর ইতালিয়ান কোচ আনচেলত্তির জন্য এটি ১১তম ম্যাচ। এর আগের ১০ ম্যাচে তার অধীনে ব্রাজিলের পারফরম্যান্স গ্রাফ বেশ অম্ল-মধুর; এসেছে ৫টি জয়, ২টি ড্র এবং ৩টি হার। বিশ্বকাপের ঠিক ১৪ দিন আগে দলের ‘উইন মেকানিজম’ নিখুঁত করার জন্য এই ম্যাচটি আনচেলত্তির ট্যাকটিক্যাল অ্যাসিড টেস্ট বলা চলে।

আজকের ম্যাচে গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্টিনেল্লি কিংবা মার্কুইনহোসের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্টদের পাচ্ছে না সেলেসাওরা। তবে প্রতিপক্ষ পানামার বিপক্ষে হেড-টু-হেড রেকর্ডে ব্রাজিল শতভাগ অপরাজেয়।

দুই দলের অতীতের চারবারের দেখায় চারটিতেই জিতেছে ব্রাজিল, যেখানে তারা গোল দিয়েছে ১৬টি, আর হজম করেছে মাত্র ১টি। আজ ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা এবং লুইজ হেনরিকের ত্রিমুখী আক্রমণভাগে ভর করে সেই দাপট ধরে রাখার লক্ষ্য ব্রাজিলের।

২৪ বছরের দীর্ঘ বিশ্বকাপ খরা কাটানোর মিশন ব্রাজিলের, যার আগে মারাকানায় শেষবারের মতো ঘরের মাঠে গর্জে উঠবে সেলেসাও সমর্থকরা। পানামাকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখতে চায় কার্লো আনচেলত্তির দল।

এসএইচ