ইউরোপের মাটিতে ঐতিহাসিক জয়; সান মারিনোকে হারালো বাংলাদেশ

জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবলারা
ফুটবল
এখন মাঠে
0

প্রায় ২৬ বছর পর খেলতে গিয়ে ইউরোপের মাটি জয় করলো তপু-হামজারা। তপুর জোড়া গোলে সান মারিনোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে কাঙ্ক্ষিত জয় তুল নেয় বাংলাদেশ। আর এ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে অভিষেকেই বাজিমাত করলেন হেডকোচ থমাস ডুলি।

সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের মাটিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। জোড়া গোল করে লাল-সবুজের জয়ের নায়ক ডিফেন্ডার তপু বর্মন।

গতকাল (শুক্রবার, ৫ জুন) লাল-সবুজের ডাগ আউটে নিজের প্রথম ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে দল সাজান থমাস ডুলি। যেখানে হামজা-মোরসালিনদের সঙ্গে একাদশে ফেরেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে শুরুর একাদশে জায়গা হয়নি জিকো, ফাহমিদুল ও শোমিত সোমদের। নিজেদের ইতিহাসে মাত্র তিন জয় পাওয়া স্বাগতিকদের শুরু থেকেই চাপে রাখে বাংলাদেশ।

অতিথিদের সমর্থন জানাতে মাঠে হাজির হন হাজারো প্রবাসী সমর্থক। তাদের নিরাশ করেননি হামজা-জামালরা। ম্যাচের ১৯ তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষন। মোরাসালিনের দুর্দান্ত ক্রস থেকে অসাধারণ হেডে সান মারিনোর জালে বল জড়ান ডিফেন্ডার তপু বর্মন।

তবে এরপর ছন্দের অভাবে সাফল্যের দেখা পাচ্ছিলো না থমাস ডুলির দল। উল্টো লিডও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩০ মিনিটে বেরার্ডির অ্যাসিস্টে সান মারিনোকে ম্যাচে ফেরান নিকোলাস জিয়াকোপেত্তি।

প্রথমার্ধে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই জায়ান-শমিতদের নামিয়ে ম্যাচের মোড় ঘোড়াতে চান ডুলি। তবে ৬১ মিনিটে দারুণ আক্রমণ করে বসে সান মারিনো। তবে মিতুল মারমার দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় বাংলাদেশ।

এরপর ৬৭ মিনিটে বিশ্বনাথ ঘোষের গোল মিসে আক্ষেপ বাড়ে লাল-সবুজ ডেরায়। তবে ৮৫ মিনিটে হামজার কর্নার থেকে সেই বিশ্বনাথের শট তপুর গায়ে লেগে এসে যায় সেই কাঙ্ক্ষিত গোল। তপুর জোড়া গোলে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে জয়ের স্বাদের রসদ পেয়ে যায় বাংলাদেশ।

তবে বিপদ ছিলো অতিরিক্ত সময়েও। গোলরক্ষক মিতুল মারমার হাস্যকর ভুলে হৃদয় ভাঙতে যাচ্ছিলো কোটি ফুটবল ভক্তের। তবে শেষ হাসি নিয়েই সান মারিনো থেকে ফিরছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জেআর