মেসির আর্জেন্টিনার সামনে ইতিহাস গড়ার স্বপ্নে সুইজারল্যান্ড

মেসি ও সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকার
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সবশেষ লড়াইয়ে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ৭২ বছর পর শেষ আটে ওঠা সুইজারল্যান্ড। একদিকে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি নির্ভর আকাশী-সাদা, অন্যদিকে শৃঙ্খলিত দলীয় ফুটবলে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর সুইসরা। কানসাসে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল (রোববার, ১২ জুলাই) সকাল ৭টায়।

বিশ্বকাপের শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রাখতে চলতি বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। একদিকে ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নরা, অন্যদিকে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাসের নতুন অধ্যায় লেখার প্রত্যয়ে মাঠে নামবে সুইসরা।

কানসাস সিটিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে আলবিসেলেস্তারা। মেসি, ডি পল, পারেদেস ও লিসান্দ্রো মার্তিনেজদের নিয়ে বল দখল, পাসিং আর ম্যাচের আবহে অনুশীলন সেরেছেন লিওনেল স্ক্যালোনি।

কাগজ-কলম কিংবা নামের ভারে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে কোনোভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে মনে করেন আর্জেন্টাইন কোচ। মিশরের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয় থেকে শিক্ষা নিয়েই ভুল শুধরে নেওয়ার কথা বলছেন আর্জেন্টাইন ফুটবলাররা। রক্ষণ সামলানোর পাশাপাশি মেসি ম্যাজিকেই আস্থা রাখছেন স্ক্যালোনি।

আরও পড়ুন

আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘মেসি যখন নিজের সবটুকু উজাড় করে দেয় এবং অনুভব করে যে সে প্রতিপক্ষের জন্য বিপদ তৈরি করতে পারে, তখন সে যেন একটি মেশিনে পরিণত হয়। এতে আমি মোটেও অবাক হই না। হয়তো যারা তাকে ভালোভাবে চেনে না, তারা ভেবেছিল ৩৯ বছর বয়সে সে আর এই পর্যায়ে খেলতে পারবে না। কিন্তু আমি আগেও বহুবার বলেছি, যত দিন সে নিজে খেলতে চাইবে, তত দিন সেরার আসন তারই থাকবে।’

অন্যদিকে সুইজারল্যান্ডের বড় ধাক্কা জোহান মানজাম্বির ছিটকে যাওয়া। তিন গোল ও দুই অ্যাসিস্ট করা এই মিডফিল্ডারকে ছাড়াই অনুশীলনে কৌশল নিয়ে কাজ করেছেন মুরাত ইয়াকিন। প্রথম একাদশের কয়েকজনকে আলাদা ফিটনেস সেশনে রাখা হলেও দলীয় কমপ্যাক্টনেস, দ্রুত ট্রানজিশন আর কাউন্টার অ্যাটাকেই সবচেয়ে বেশি জোর দিয়েছে সুইসরা। দলটির অধিনায়ক গ্রানিত জাকার মতে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে এক মেসিই যথেষ্ট। তাকে নিয়ে তাই বাড়তি সর্তক সুইসরা।

সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকার বলেন, ‘৯০ মিনিট ধরে মেসিকে থামানো সম্ভব হবে কি না, আমি জানি না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বল যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে ততটা প্রভাব ফেলতে পারবে না। তাই মেসি যেন বল নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে না পারে, সেটা নিশ্চিত করতে চাই।’

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার সকাল ৭টায়।

জেআর