আবারও শুরু ক্লাব ফুটবলে দলবদলের উত্তাপ

প্রতীকী ছবি
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের মাঝামাঝি থেকেই ক্লাব ফুটবলের দলবদল ছড়িয়েছিলো উত্তাপ। ইসমাইল সাইবারি, অ্যান্থনি গর্ডন, দেনজেল দামফ্রিসরা নতুন ঠিকানা খুঁজে নিয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পর্দা নামতেই পুরোদমে চলছে দলবদলের ব্যস্ততা।

দলবদলের বাজারে ব্যস্ত সময় পার করছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপের আগে থেকেই বার্সেলোনার রাডারে ছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বিশ্বকাপ চলাকালে তার জন্য ১৫০ মিলিয়নের প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদও। যদিও আলভারেজের সব মনোযোগ কাতালান ক্লাবটিকে ঘিরে।

এমনকি বার্সেলোনায় আসতে বর্তমান ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের অনুশীলন বর্জন করার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন এই স্ট্রাইকার। আর এই সুযোগেই আলভারেজের প্রতি আগ্রহ দেখিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। শেষপর্যন্ত দলবদলের বাজারে আলভারেজ-সাগা আরও কিছুটা লম্বা হতে পারে।

টানাটানি আছে আলভারেজের জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ান রোমেরোকে নিয়েও। টটেনহাম থেকে এই সেন্টারব্যাককে দলে নিতে আগ্রহী ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। বার্সেলোনাও চোখ রাখছে দুর্দান্ত মৌসুম কাটানো রোমেরোর দিকে। তবে, বার্সেলোনাকে আটকাতেই কৌশলী হয়ে এই দলবদলে আগ্রহ দেখাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদও।

বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদেও চলছে দলবদলের ব্যস্ততা। লিপজিগ থেকে উদীয়মান তারকা ইয়ান ডিওমান্ডেকে নিতে ৮৫ মিলিয়নের বিড করেও সফল হয়নি লস ব্লাঙ্কোস। গুঞ্জন আছে নতুন বিডে ১০০ মিলিয়ন ছাড়াতে পারে সেই অঙ্ক।

সেইসঙ্গে ম্যানচেস্টার সিটি থেকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রিকে আনতে ৬০ মিলিয়ন প্রস্তাব করেছে তারা। যদিও সিটিজেনদের দাবি ৮০ মিলিয়ন ইউরো। এরইমাঝে ক্লাব রেকর্ড ১১৬ মিলিয়নে ইংলিশ তারকা এলিয়ট অ্যান্ডারসনকে দলে নিয়েছে সিটি। রদ্রির ক্লাব ছাড়া তাই সময়ের ব্যাপার।

যদিও শেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আলোচিত নাম ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ গণমাধ্যমের খবর, বেতন ইস্যুতে রিয়ালের সবশেষ প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভিনি। সেই সুযোগেই ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল আগ্রহ দেখাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টারের দিকে।

এসএইচ