ইউরোপীয় ফুটবল যেন অর্থ অর্জনের অন্যতম প্রধান চাবিকাঠি। আর সেই অর্থের দাপটে স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ, জার্মান বুন্দেসলিগা এবং ফরাসি লিগ ওয়ানকে কার্যত একাই কোণঠাসা করে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগ
চলতি গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো এরই মধ্যে নতুন খেলোয়াড় কিনতে উড়িয়েছে ১৪০ কোটি পাউন্ডের বেশি। পরিসংখ্যান বলছে, ইউরোপের বাকি চার লিগের মোট ৭৬টি ক্লাব মিলে যে পরিমাণ অর্থ খরচ করেছে, কেবল ইংলিশ ক্লাবগুলো তারচেয়েও প্রায় ৩০ কোটি পাউন্ড বেশি বিনিয়োগ করে ফেলেছে।
শুধু মোট খরচ বা গ্রস স্পেন্ড নয়, খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া অর্থ বাদ দিলে নিট খরচেও দেখা যাচ্ছে আকাশ-পাতাল ব্যবধান।
আরও পড়ুন:
ফরাসি লিগ ওয়ান ও জার্মান বুন্দেসলিগার ক্লাবগুলো এবার চতুরতার পরিচয় দিয়েছে। ফুটবলার বিক্রি করে আয়-ব্যয়ের হিসাব শেষে লিগ ওয়ান ২০ কোটি পাউন্ডের বেশি এবং বুন্দেসলিগা ৭ কোটি পাউন্ডের বেশি বা লাভে রয়েছে।
অন্যদিকে ইতালিয়ান সিরি আ এবং স্প্যানিশ লা লিগা খরচের দিক থেকে আয়ের চেয়ে কিছুটা পিছিয়ে। লা লিগার নিট ঘাটতি ১৬ কোটি পাউন্ডের বেশি আর সিরি আ’র ঘাটতি ১২ কোটি পাউন্ডের ওপরে। কিন্তু এই দুই লিগের নিট ঘাটতি এক করলেও তা প্রিমিয়ার লিগের ৫২ কোটি পাউন্ডের বিশাল নিট খরচের কাছে সমুদ্রে শিশিরবিন্দুর মতো।
সেপ্টেম্বরের শুরুতে দলবদলের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত এই ব্যবধান কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন দেখার বিষয়।
জার্মানি বা ফ্রান্স যেখানে ভেবে-চিন্তে পা ফেলছে, আর স্পেন ও ইতালি সামলে চলার চেষ্টা করছে, সেখানে প্রিমিয়ার লিগের এই সীমাহীন খরচের জোয়ারের কাছে বাকিদের আর্থিক ব্যবধান দিন দিন চলে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।





