প্রিমিয়ার লিগ মানেই চমকে ভরা ম্যাচ। আর নতুন মৌসুমের শুরুতেই ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধেই দুই গোল হজমের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি গানাররা। এই হারে দুইয়ে নেমে গেছে মিকেল আর্তেতার দল।
একই রাতে নবাগত কভেন্ট্রি সিটির কাছে ১-০ গোলে হেরেছে নটিংহ্যাম ফরেস্ট। মৌসুমের পঞ্চম ম্যাচেও জয়ের দেখা পায়নি টটেনহ্যাম হটস্পার। অ্যাস্টন ভিলার কাছে হেরে রেলিগেশন জোনে অবস্থান করছে স্পার্সরা।
অন্যদিকে, স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। রাফিনহার ‘পারফেক্ট’ হ্যাটট্রিকে সেভিয়াকে তাদেরই ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। ২২ মিনিটে ডান পা, ৫২ মিনিটে হেড ও ৬৯ মিনিটে বাম পা থেকে গোল করেন এই ফরোয়ার্ড।
আরও পড়ুন:
২০১৫ সালে লুইস সুয়ারেজের পর এই ম্যাচেই প্রথমবার কোনো বার্সা খেলোয়াড় এমন হ্যাটট্রিক করলেন। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো শক্ত হয়েছে ব্লু গ্রানাদের।
মৌসুমের শুরুতেই জমে উঠেছে সিরি আ-র লড়াই। দুই টেবিল টপার এএস রোমা ও ইন্টার মিলানের লড়াইয়ে ২-২ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
তাদের ড্রয়ে লাভ হয়েছে লাজিওর। ভেনেজিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্টের দিক থেকে দুই দলের পাশে বসেছে ক্লাবটি। পাঁচ ম্যাচে সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোমা, দুইয়ে ইন্টার মিলান ও তিনে অবস্থান করছে লাজিও।
এদিকে বুন্দেসলিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বরুশিয়া ডর্টমুন্ড। ম্যাক্সিমিলিয়ান বায়ারের একমাত্র গোলে স্টুটগার্টকে ১-০ গোলে হারিয়েছে প্রুশিয়ানরা। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরুশিয়া। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন।
একই রাতে অন্য ম্যাচে অগসবার্গকে ৩-২ গোলে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেন। মেইঞ্জের কাছে ৩-৪ ব্যবধানে হেরেছে বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ।





