দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে যে গল্প লিখেছেন লিওনেল মেসি, এবার সেই গল্পের শেষ অধ্যায়ে পৌছে গেছেন। আর শেষ অধ্যায়ের মঞ্চ বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়াম, প্রতিপক্ষ বেনিন।
এই প্রীতি ম্যাচ শুধু আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়; আর্জেন্টিনার ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়ের বিদায়ী আয়োজন। ৩৯ বছর বয়সী মেসি শেষবারের মতো পড়বেন আকাশি-সাদা জার্সি, নেতৃত্ব দেবেন দলকে। তাকে বিদায় জানাতে গ্যালারিতে থাকবেন প্রায় ৮৫ হাজার দর্শক।
যে জার্সিতে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা আর ফাইনালিসিমা জিতেছেন মেসি, সেই জার্সিতেই থামছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। ২০৭ ম্যাচে ১২৫ গোল আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও থাকছে তার দখলে। সঙ্গে ৬৮টি অ্যাসিস্ট।
আরও পড়ুন:
এবারই প্রথমবারের মতো আফ্রিকান দল বেনিনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। মেসির বিদায়ের আগে নতুন আর্জেন্টিনাও অবশ্য নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে তারা। সর্বশেষ দুই প্রীতি ম্যাচ জিতে দারুণ ছন্দে স্কালোনির শিষ্যরা। অন্যদিকে শেষ দুই প্রীতি ম্যাচে মিশর ও সেনেগালের বিপক্ষে বড় পরাজয় বরণ করে বেনিন।
তবে বিদায়ের এই ম্যাচে শুধু অতীত নয়, চোখ থাকবে ভবিষ্যতের দিকেও। ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থদের পাশাপাশি মাঠে দেখা যাবে নতুন প্রজন্মের ফুটবলারদের। মেসির পর অধিনায়কের আর্মব্যান্ড পাওয়ার দৌড়ে এগিয়ে ক্রিস্টিয়ান রোমেরো।
তবু মনুমেন্টালের রাতটা মূলত একজনেরই। যে মানুষটি আর্জেন্টিনাকে দিয়েছেন বিশ্বকাপ, অসংখ্য স্মৃতি আর গৌরব তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বাঁশি শোনার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব। মেসি বিদায় নেবেন, কিন্তু তার গল্প থেকে যাবে আর্জেন্টিনার ফুটবলে, আর কোটি ভক্তের হৃদয়ে।





