ব্রাজিল ফুটবলে শুরু হচ্ছে নতুন প্রজন্মের যাত্রা। কার্লো আনচেলত্তির সবশেষ স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৩ বছরের কম বয়সী ১৫ ফুটবলার। যার মধ্যে অলিম্পিক খেলার যোগ্যতা রয়েছে ৯ জনের। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ।
বৃহস্পতিবার রিও ডি জেনিরোর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে ঘোষণা করা হয় দল। যেখানে অভিজ্ঞদের সঙ্গে জায়গা পেয়েছেন একঝাঁক তরুণ। এন্দ্রিক, এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো তারকাদের পাশাপাশি প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অ্যালান, আলিসন সান্তানা, আন্দ্রে লুইজ, জনাথন জেসুস ও মারলন গোমেস।
আর পড়ুন:
দলে তরুণদের প্রাধান্য দেয়ার বিষয়টি স্পষ্ট গড় বয়সের পরিসংখ্যানে। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলের গড় বয়স ছিল ২৯.৬ বছর। আনচেলত্তির এবারের স্কোয়াডে তা কমে দাঁড়িয়েছে মাত্র ২৩.৬ বছরে।
আনচেলত্তির লক্ষ্য, আগামী টুর্নামেন্টগুলো সামনে রেখে এখন থেকেই তৈরি করা নতুন প্রজন্মকে। শুধু তাৎক্ষণিক ফল নয়, ব্রাজিলের নিজস্ব ফুটবল দর্শন ধরে রেখে তরুণদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দেয়াই তার বড় পরিকল্পনা। জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দু’টি তাই ব্রাজিলের ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ পরীক্ষা।





