সাফের সকাল। ম্যাচ শুরুর ঘণ্টাদুয়েক আগেও ঢাকার জাতীয় স্টেডিয়ামে নেই দর্শক উপস্থিতি। খেলা দেখতে আসা মানুষের তুলনায় নিরাপত্তাকর্মীই বেশি।
আগের দিন ঢাকায় পৌঁছে লাগেজ জটিলতায় পড়তে হয়েছিল পাকিস্তান দলকে। যে কারণে অনুশীলনও বাতিল করতে বাধ্য হয় দলটি। এমনকি আজ মাঠে আসতেও কিছুটা দেরিই করেছিলেন ইউসুফ ইজাজরা।
আরও পড়ুন:
মাঠের ফুটবলেও পড়েছে এসবের প্রভাব। প্রথমার্ধেই পাকিস্তানের জালে তিন গোল ভারতের। সুহাইল আহমেদ একাই নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষকে। জোড়া গোল এসেছে ভারতের নাম্বার সেভেনের কাছ থেকে। বাকি গোল মাংলেনথান কিপগেনের।
বিরতির পরেও বদলায়নি ম্যাচের চিত্র। গোল না পেলেও ভারতের একের পর এক আক্রমণ সামলাতেই সময় পার করেছে আলবিনো সোলানো শিষ্যরা। তবে ম্যাচের চিত্রনাট্য বদলালো একেবারে শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ে নাজিব উল্লাহ এবং আলী রেজা দুই মিনিটে দুই গোল করে ম্যাচে ফেরান উত্তাপ। কিন্তু সেটা ভারতের ৩ পয়েন্ট ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। আর ভারত জানান দিয়েছে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এলেও সাফের মঞ্চে আধিপত্য দেখাতে প্রস্তুত তারা।
ফলাফল যেমনই হোক, সব অপেক্ষার শেষ করে সাফ মাঠে গড়িয়েছে, সেটাই অবশ্য স্বস্তি দর্শকদের।





