আইজেনকোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে তাকে কট্টর অর্থোডক্স ইহুদি দলগুলোর দাবিদাওয়া মেনে নেওয়া অথবা সরকারের বাইরে থেকে ফিলিস্তিনি আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর মতো রাজনৈতিক চাতুর্য বা কূটকৌশলে অভ্যস্ত না হওয়ায় এই জটিল সমীকরণ মেলানো আইজেনকোটের জন্য বড় পরীক্ষা।
ইসরাইলের রাজনীতিতে আইজেনকোটকে অনেকেই দেখছেন নেতানিয়াহুর বিপরীত বা ‘অ্যান্টি-বিবি’ হিসেবে। অভিজাত আশকেনাজি পরিবারের সন্তান নেতানিয়াহুর জাঁকজমকপূর্ণ জীবনযাপনের বিপরীতে আইজেনকোট উঠে এসেছেন মরক্কো থেকে আসা অভিবাসী সাধারণ পরিবার থেকে। ১৮ বছর বয়সে সাধারণ সৈনিক হিসেবে যোগ দিয়ে সামরিক বাহিনীর প্রধান হয়েছিলেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গঠিত যুদ্ধকালীন সরকারেও তিনি যুক্ত ছিলেন। চলমান গাজা যুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে তার ছেলে গাল মেইর আইজেনকোট এবং পরবর্তীতে দুই ভাগনে নিহত হন। পরিবারের এই আত্মত্যাগ তাকে সাধারণ ইসরাইলিদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের বর্তমান শীতল সম্পর্ক সামলানো আইজেনকোটের জন্য বড় চ্যালেঞ্জ হবে। গাজা যুদ্ধ ও ইরানে যৌথ হামলার জেরে সম্প্রতি অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকানদের ঐতিহাসিক বিপর্যয় ঘটেছে। ট্রাম্প ইসরাইলকে দেয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এই বিপর্যয়ের জন্য ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধকে দায়ী করেছেন। বিশ্লেষকদের মতে, অতীতে কোনো ইসরাইলি প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি।
অন্যদিকে সরকারে পরিবর্তন এলেও ফিলিস্তিনিদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। আইজেনকোট বেসামরিক এলাকায় মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগের বিতর্কিত ‘দাহিয়াহ মতবাদের’ মূল রূপকার। তিনি সেনাপ্রধান থাকাকালে ২০১৮ সালে গাজায় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ বিক্ষোভে ইসরাইলি বাহিনীর গুলিতে নারী ও শিশুসহ শত শত ফিলিস্তিনি নিহত হয়েছিলেন, যাকে জাতিসংঘের তদন্ত কমিটি যুদ্ধাপরাধের শামিল বলে চিহ্নিত করেছিল। এ ছাড়া ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধ কিংবা ইসরাইলি আরবদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আইজেনকোট কতটা আন্তরিক হবেন, তা নিয়ে তীব্র সংশয় রয়েছে।





