নেশনস লিগে ‘এ-ওয়ান’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে অনেকটা নির্ভার থাকার কথা ফরাসি কোচ জিদানের। তবে মিলানে ইতালির মুখোমুখি হওয়ার আগে ফরাসি শিবিরে বড় দুশ্চিন্তার নাম কিলিয়ান এমবাপ্পে।
হাঁটুর চোট কাটিয়ে স্কোয়াডে ফিরলেও, হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কারণে বুধবারের অনুশীলনে দেখা যায়নি এমবাপ্পেকে। কোচ জিনেদিন জিদান সাফ জানিয়ে দিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি।
জিনেদিন জিদান বলেন, ‘হ্যাঁ, কিলিয়ান এই ম্যাচে খেলছে না। ও সামান্য ব্যথা অনুভব করেছে এবং বরাবরের মতোই আমরা কোনো ঝুঁকি নেবো না। খেলোয়াড় হারানোটা দুঃখজনক, তবে এটি খেলারই অংশ। আশা করি চোটটা গুরুতর নয় এবং রোববারের ম্যাচে ওকে পাবো।’
গ্রুপের সমীকরণে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফ্রান্স শীর্ষে থাকলেও, ৭ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই আছে ইতালি। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছেন না আজ্জুরি কোচ রবার্তো মানচিনি।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা কোয়ালিফিকেশন নিশ্চিত করতে চাই এবং গত কয়েক ম্যাচের চেয়ে ভালো খেলতে চাই। আমাদের হাতে ৭ পয়েন্ট আছে এবং কোয়ালিফাই করার জন্য দুটি ম্যাচ পাচ্ছি, যা ইতিবাচক। এমন মানসম্পন্ন দলের বিপক্ষে খেলাটা সবসময়ই রোমাঞ্চকর। নিজেদের সেরাটা দিয়ে জয় তুলে নেয়াই আমাদের লক্ষ্য।’
মিলানের লড়াই ছাপিয়ে ফুটবল বিশ্বের নজর থাকবে লন্ডনের ওয়েম্বলিতেও, যেখানে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচটি ইংলিশ ফুটবলের জন্য ঐতিহাসিক। সাবেক গোলরক্ষক পিটার শিলটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের পুরুষ দলের হয়ে সর্বোচ্চ ১২৬তম ম্যাচ খেলতে নামছেন হ্যারি কেইন।
কিক-অফের আগে দর্শকদের সামনে নিজের জেতা ব্যালন ডি’অর ট্রফিটিও প্রদর্শন করবেন জাতীয় দলের হয়ে ৯১ গোল করা এই ফরোয়ার্ড। শিষ্যের এমন অর্জনে উচ্ছ্বসিত ইংলিশ কোচ থমাস টুখেল।
তিনি বলেন, ‘সে তার পুরস্কার ও রেকর্ড দিয়ে নিজেকে প্রমাণ করেছে এবং সামনে আরও গোল ও ম্যাচ খেলবে। আগামীকাল সে অধিনায়ক হিসেবেই শুরু করবে। নিজের দেশের দর্শকদের সামনে ব্যালন ডি'অর উপস্থাপন করা এবং একই দিনে সর্বকালের সর্বোচ্চ ১২৬ ম্যাচের রেকর্ড গড়া-এটি সত্যিই এক দারুণ উপলক্ষ।’
অন্যদিকে ইপেট এরিনাতে চেকিয়ার মুখোমুখি হচ্চে গ্রুপে শতভাগ জয় নিয়ে শীর্ষে থাকা বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। সবগুলো ম্যাচই শুরু বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।




