সাদ উদ্দিনের দীর্ঘমেয়াদি চোট; অনুশীলনে ফিরলেন তপু ও বিশ্বনাথ

সাদ উদ্দিনের দীর্ঘমেয়াদি চোট
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। বৃহস্পতিবার অনুশীলন চলাকালে জামাল ভূঁইয়া জানিয়েছেন, এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডিফেন্ডারকে। তবে স্বস্তি দিচ্ছে তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের অনুশীলনে ফেরা। পাকিস্তান ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন দু’জনই।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে উচ্ছ্বাস বাংলাদেশের ফুটবলে। তবে সেই আনন্দের মধ্যেই এসেছে দুঃসংবাদ। চোটের কারণে চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আর খেলা হচ্ছে না ডিফেন্ডার সাদ উদ্দিনের।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে চোট পান সাদ। ব্যথার কারণে নিজে হেঁটে মাঠ ছাড়তে পারেননি। এই ডিফেন্ডারকে মাঠের বাইরে নিতে হয় স্ট্রেচারে করে। পরে পরীক্ষায় তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়ে। অস্ত্রোপচারের বিষয়ে এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

এরইমধ্যে সাদকে নিয়ে বেশ খারাপ খবরই দিলেন জামাল। বাফুফে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বেশ লম্বা সময়ের জন্য সাদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার জামাল ভূঁইয়া বলেন, ‘সাদ উদ্দিন, উনি ইনজুরড হয়েছে। অফকোর্স ওইখানে ব্যাকআপ লাগবে। আমি শুনলাম, উনার একিলিস ওইটা ছিঁড়ে গেছে। মিনিমাম এক বছর বাইরে থাকবে।’

সাদকে নিয়ে দুঃসংবাদের মাঝে আছে স্বস্তির খবরও। চোট কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। বুধবার সকালে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনও করেছেন দুজন। সব ঠিক থাকলে পাকিস্তানের ম্যাচে মাঠে দেখা যেতে পারে রক্ষণের এই দুই সেনানীকে।

এফএস