৫ ফুট ৭ ইঞ্চি লম্বা গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ
গাঁজার গাছ ও গ্রেপ্তার যুবক
এখন জনপদে
অপরাধ
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বসতবাড়ির আঙিনায় গোপনে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এসআরবি ১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পরে এসআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এক ব্যক্তি নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষ করছেন— এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বাড়ির ভেতরে থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোবারক হোসেন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে বাড়ির ভেতর গোপনে গাঁজা চাষ করার কথা স্বীকার করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১১-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান। তিনি জানান, গ্রেপ্তার মোবারক হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআরবির এ কর্মকর্তা।

এসএইচ