বদলে যাওয়া পাকিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত

পাকিস্তা ফুটবল দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

যেই পাকিস্তানের সময় পার হতো ফিফার নিষেধাজ্ঞার বেড়াজালে, দেখা যেত র‌্যাঙ্কিংয়ের ২০০ এর আশপাশে, সেই পাকিস্তান দলই এখন দক্ষিণ এশিয়ার ফুটবলে চমক দেখানোর প্রত্যাশায়। প্রবাসী ফুটবলারদের আগমনে সাম্প্রতিক সময়ে খেলায় ধার বাড়িয়েছে দলটি। তাইতো বাংলাদেশের বিপক্ষে সাফের সেমিফাইনালেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ইজাজ বাটের দল।

২০১৭ সালের পর থেকে তিন দফায় ফিফার নিষেধাজ্ঞায় ফুটবল থেকে দূরে ছিলো পাকিস্তান। বাংলাদেশ তো বটেই, সাফ ফুটবলে কখনোই খুব বড় শক্তি হিসেবে দেখা যায়নি দলটিকে। সাফে তাদের সর্বোচ্চ সাফল্য তৃতীয় হওয়া, সেটাও ১৯৯৭ সালে।

কিন্তু এ দলটাই এখন বদলে গেছে পুরোদমে। সম্প্রতি মালদ্বীপে চার জাতির ডায়মণ্ড জুবিলি টুর্নামেন্টের শিরোপা জিতে ৩৫ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে দলটি। সাফেও বেশ ভালো ছন্দেই আছে তারা। পেরু এবং নিউক্যাসেলের সাবেক ফুটবলার নলবার্তো সোলানোর অধীনে বদলে যাওয়া দলটিই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে বাংলাদেশের বাধা।

আরও পড়ুন:

পাকিস্তান দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক আব্দুল্লাহ ইকবাল। সুইডিশ ক্লাব মিয়ালবির হয়ে খেলা দীর্ঘদেহী এ সেন্টারব্যাক যোগ দেয়ায় রক্ষণভাগ শক্তিশালী হচ্ছে পাকিস্তানের। আজারবাইজানের লিগে খেলা আরেক ডিফেন্ডার ইসাহ সুলেমানকেও সেমিতে পাচ্ছে দল। বাংলাদেশের গোল আটকে দিতে প্রস্তুত দুই প্রবাসী ফুটবলার।

মাঝমাঠের শক্তি বাড়াতে আদিল নবী আর আকবর আলী যথেষ্ট। ডেনমার্কের ক্লাব কোল্ডিং আইএফের ফরোয়ার্ড আব্দুল সামাদ যোগ দিয়েছেন দলের সঙ্গে। গোল করার সহজাত অভ্যাস আছে দলের। আসিয়ান কাপে ফিলিপাইনের বিপক্ষে ২-২ গোলে ড্র পাকিস্তানের সামর্থ্যের জানান দিচ্ছে ভালোভাবেই।

অতীত পরিসংখ্যান অবশ্য এ ম্যাচের আগে বাংলাদেশের পক্ষে। মুখোমুখি ১৭ দেখায় বাংলাদেশ জিতেছে ৭ ম্যাচ। পাকিস্তানের জয় ৬ ম্যাচে। তবে নতুন এই পাকিস্তানের সামনে এমন পরিসংখ্যান হামজা-শোমিতদের কতটা সমর্থন দেবে, তা বোঝা যাবে মাঠের ফুটবলে।

এসএইচ