২০১৮ সালে লালসবুজের জার্সিতে অভিষেক। এরপর কেটে গেছে দীর্ঘ আটটি বছর। বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলেন মাত্র ৪৪ ম্যাচ। এরমধ্যে জেমি ডে, অস্কার ব্রুজন, হ্যাভিয়ের ক্যাবরেরা পরবর্তীতে থমাস ডুলি দায়িত্ব নিলেও, কখনোই কোচদের গুড বুকে জায়গা করে নিতে পারেননি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
এর মধ্যে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে। কখনও টিম কম্বিনেশন কখনো আবার ফিট না থাকার অজুহাতে দলে রাখা হয়নি ইব্রাহিমকে। থমাস ডুলির অধীনেও সেই আক্ষেপটা ঘুচেনি এই উইঙ্গারের। তার অধীনে বাংলাদেশ ৭ ম্যাচ খেললেও ইব্রাহিমের সুযোগ হয়েছে কেবল সাফের ৩ ম্যাচে নামার। ভুটানের বিপক্ষে আসরের প্রথম ম্যাচে দল গোলের জন্য মরিয়া চেষ্টা চালিয়েও প্রথমার্ধে ফল পায়নি।
ম্যাচের ৬০ মিনিটের পর নেমে গোল করে হামজাবিহীন দলকে কাঙ্খিত জয় এনে দিয়েছিলেন ইব্রাহিমই। তবে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেও আবারও শুরুর একাদশ থেকে ছিটকে পড়েন এই ফরোয়ার্ড। বারবার বঞ্চিত হয়ে অনেকটা অভিমানে ক্যারিয়ারের ইতি টানারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ইব্রাহিম।
তিনি বলেন, ‘একটা নতুন কোচ আসার পরে অনেক লিগে অনেক প্লেয়ার আছে ওইভাবে চিন্তা বাড়ে না। হয়তো আমি তখন ওইভাবে নিজেকে প্রুভ করতে পারি নাই, এশিয়ান কাপের ক্যাম্পে। উনিও হয়তো ওইভাবে চিন্তা করেনি আমাকে। এটা হতে পারে।’
এদিকে থমাস ডুলির অধীনে নিজের মতো করে স্বাধীনভাবে খেলতে না পারার আক্ষেপও ঝরেছে এই ফুটবলারের কণ্ঠে।
তিনি আরও বলেন, ‘আমার যে প্রথম কোচ ন্যাশনাল টিমে আমাকে কল করে, যেমন জেমি ডে, ওনার আন্ডারে আমি একটা ম্যাচের কথা সম্ভবত সল্ট লেকে ইন্ডিয়ার কথা মনে আছে। উনি আমাকে ফুল ফ্রিডম দিতো অ্যাটাকিং লাইনে। ওর আন্ডারে খেলা আমার একটু কমফোর্টেবল বেশি ফিল হইতো। আর উনিই আমাকে ন্যাশনাল টিমে কল করে ফার্স্ট টাইমে ন্যাশনাল টিমে ম্যাচ খেলাইছে।’
দেশকে বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জিতিয়ে অবসর নিতে চান ইব্রাহিম। তবে কবে পাবেন সে সুযোগ সেটিই এখন দেখার বিষয়।





