টেস্টে উদ্বোধনী জুটির দুর্বলতা প্রকট; দুই বছরে পঞ্চমবার ৫০ পার টাইগারদের

বাংলাদেশ ক্রিকেট দল
ফুটবল
এখন মাঠে
0

তামিম ইকবালের অবসরের পর থেকে আর কখনোই টেস্টে ভালো মানের ওপেনিং জুটির দেখা পায়নি বাংলাদেশ। অন্তত, পরিসংখ্যান সেই কথাই বলছে। সেঞ্চুরিয়ন টেস্টে এসে গত ২ বছরে মাত্র ৫ম বারের মতো ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান দেখেছে টাইগাররা।

সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াই। শুরুটা যেমন দরকার ছিল, ঠিক তেমনই করতে চেয়েছেন তানজিদ তামিম এবং মাহফিজুল ইসলাম রবিন। দুজনের সাবধানী শুরুতে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই পেরিয়েছে পঞ্চাশ রান।

আর এর সুবাদে বিরল এক দৃশ্যও যেন দেখলো বাংলাদেশের ক্রিকেট। গত দুই বছরের মধ্যে মাত্র ৬ষ্ঠবারের মতো ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান দেখলো টাইগার ক্রিকেট। অথচ এই সময়ে টেস্টে বাংলাদেশ খেলিয়েছে ৭টা ভিন্ন ভিন্ন জুটি। যাতে আবার অংশ হয়েছেন ৭ জয়। তবে, আশার কথা আগের ৬ পঞ্চাশোর্ধ জুটির মধ্যে ৪ বারই স্কোর গিয়েছে শতরানের ওপাড়ে। যার অর্থ, ৫০ পার করাই দেশি ওপেনারদের জন্য বড় চ্যালেঞ্জ।

অবশ্য টেস্ট বিবেচনাতেই বাংলাদেশের ওপেনারদের পরিস্থিতি খুব বেশি সুখকর না। টেস্টের ২৬ বছরে তামিম ইকবালকে ছাড়া ৩০-এর বেশি গড়ে রান করতে পেরেছে কেবল তিনটি জুটি। আল-শাহরিয়ার ও হান্নান সরকারের ওপেনিং জুটি ৮ ইনিংস খেলেছে ৩১ দশমিক ৬২ গড়ে। সাদমান-জাকির জুটি সমান ইনিংসে রান তুলেছে ৩৪ দশমিক ৪২ গড়ে। আর এনামুল বিজয়ের সঙ্গে সাদমানের জুটি রান তুলেছে ৩৬ গড়ে। এমনকি ২৬ বছরে ৫০০ এর বেশি রান করা ওপেনিং জুটিই এসেছে মোটে ৪টি।

অন্তত ৫ ইনিংস একইসঙ্গে খেলা ওপেনিং জুটির মধ্যে ৩০ এর বেশি গড় আছে ৬টি পার্টনারশিপে। যার ৪টিতেই ছিলেন তামিম ইকবাল। দেশের হয়ে সর্বোচ্চ ৪৫ দশমিক ৪ গড়ের ওপেনিং পার্টনারশিপ তামিম ইকবাল এবং ইমরুল কায়েসের। দ্বিতীয় সর্বোচ্চ ২০ ইনিংস খেলেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। যদিও দুজনের ব্যাট থেকে রান এসেছে ৩০-এর কম গড়ে। তানজিদ তামিমের কোনো জুটিই এখন পর্যন্ত ৩০ এর বেশি গড়ে রান তুলতে পারেনি।

জাতীয় দলের পাইপলাইনে এই মুহুর্তে ওপেনার আছেন অনেকে। তবে, লাল বলের ক্রিকেটে কাদের কাছ থেকে স্থিতিশীল একটা জুটি পাবে বাংলাদেশ, সেটা নিয়ে বড় রকমের ভাবনা বাকি আছে নির্বাচকদের জন্য।

জেআর