দলবদলের আগেই উত্তপ্ত ইউরোপের ট্রান্সফার বাজার

প্রতীকী ছবি
ফুটবল
এখন মাঠে
0

জানুয়ারির দলবদলের আগেই উত্তপ্ত ইউরোপিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট। একদিকে হ্যালান্ডকে ঘিরে ইউরোপের চার জায়ান্টের টানাটানি, অন্যদিকে ৮০ মিলিয়ন ইউরোর নুসাকে পেতে আর্সেনাল-পিএসজির লড়াই। নতুন স্ট্রাইকার খুঁজছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ট্রান্সফারমার্কেটের টাকার ঝনঝনানি। শীতকালীন দলবদলের জন্য বাকি এক মাস। তবে এজেন্ট আর ক্লাব অফিসিয়ালদের দৌড়ঝাঁপ এরইমাঝে শুরু। ইউরোপের জায়ান্টগুলো মাঠে নেমেছে নিজেদের দল গোছানোর কাজে।

দলবদলের এই আলোচনার কেন্দ্রে নরওয়েজিয়ান উইঙ্গার আন্তোনিও নুসা। ২১ বছর বয়সী এই তারকাকে দলে পেতে মাঠে নেমেছে আর্সেনাল ও পিএসজি। তবে এজন্য খসাতে হবে ৮০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার কোটি টাকার কাছাকাছি ট্রান্সফার ফি চায় লিপজিগ। পিএসজির দুই উইঙ্গার দিজেরে দুয়ে এবং খাভিচা কাভারাতসখেলিয়া ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় নুসাকেই বিকল্প ভাবছে দলটি। আর আর্সেনাল লিয়ান্দ্রো ট্রসার্ডের জায়গা পূরণ করতে চায় তাকে নিয়ে।

আরও পড়ুন:

আলোচনায় আছেন ভার্জিল ভ্যান ডাইকও। প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই সেন্টার ব্যাককে ধরে রাখতে চায় লিভারপুল। যদিও এসি মিলানও নজর রাখছে তার দিকে। অন্যদিকে অ্যালিসন বেকারকে ২০২৯ সাল পর্যন্ত ধরে রাখতে চায় লিভারপুল। ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে অল রেডরা। তবে আলোচনায় নেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার জন্যেও আছে বিভিন্ন ক্লাবের প্রস্তাব।

লিভারপুল যখন ব্যস্ত রক্ষণে তখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড খুঁজছে গোল করার মতো স্ট্রাইকার। নতুন কোচ মরিসিও পচেত্তিনো চান আরও নির্ভরযোগ্য কাউকে। ইঞ্জুরি সমস্যায় ভোগা বেঞ্জামিন সেশকোর বিকল্প খুঁজছে রেড ডেভিলরা। আর এদিক থেকে সবচেয়ে এগিয়ে মোনাকোতে থাকা মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগান।

তরুণ প্রতিভাদের মধ্যে জানুয়ারির বাজারে আলোচনার খোরাক লুকা উইলিয়ামস বার্নেট ও ওয়েল মোহিয়া। বার্নেট আছেন টটেনহামে। তাকে সহসাই ছাড়তে রাজি না উত্তর লন্ডনের ক্লাবটি। কিন্তু চেলসি এবং বুরুশিয়া ডর্টমুন্ডের নজর আছে তার দিকে। একইভাবে মিডফিল্ডার ওয়েল মোহিয়ার জন্য লিভারপুল ও ব্রাইটনের আগ্রহ থাকলেও ঘরের ছেলেকে ছাড়তে নারাজ বুরুশিয়া মানশেনগ্লাডবাখ।

এসএস