কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ধারাবাহিক ব্যর্থতা, নেপথ্যে কী?

কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ব্যর্থতার ধারাবাহিকতা চলছেই
অন্য সব খেলা
এখন মাঠে
0

কমনওয়েলথ গেমস থেকে একের পর এক ব্যর্থতার বার্তাই দিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। অখ্যাত বেশকিছু দেশের অ্যাথলেটরা পদক তালিকায় জায়গা পেলেও, তাতে নেই বাংলাদেশের নাম। সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা বলছেন, শুধু পদকের জন্য আলাদা পরিকল্পনা দরকার।

জার্সি, আইল অফ ম্যান. ভূগোল নিয়ে বিশদ পড়াশোনা না থাকলে এই দুই দেশের নাম জানার কথা নয়। এমনকি জাতিসংঘ নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী, সার্বভৌম রাষ্ট্রও নয় তারা। তবে কমনওয়েলথ গেমসের পদক তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও ঠিকই জায়গা করে নিয়েছে তারা।

এমনকি আর্থিক ও সামাজিকভাবে অনেকটা পিছিয়ে নাউরু কিংবা তুভালুও জিতেছে পদক। প্রতিবেশী ভারত লড়াই করছে তালিকার শীর্ষ ৫-এ জায়গা করে নিতে৷অথচ বাংলাদেশ যেন কেবল অংশগ্রহণ করেই তৃপ্ত। ইভেন্টে অংশ নিয়ে কোনো পদকই জিততে পারেননি দেশি অ্যাথলেটরা। সাবেক শ্যুটার শারমিন রত্না এবং শাটলার এলিনা সুলতানা বলছেন প্রস্তুতি ঘাটতিতেই পদকের খাতায় নেই বাংলাদেশ।

এলিনা সুলতানা বলেন, ‘একটা লং টার্ম ট্রেইনিংয়ের যদি ব্যবস্থা রাখা যায়, তাহলেই ভালো ফল পাওয়া সম্ভব। অন্যথায়, দেখা যাবে যে, আমরা শুধু অংশগ্রহণই করতে পারবো।’

শারমিন রত্না বলেন, ‘এই যে পদকের লড়াইয়ে আমরা থাকি না, কারণ আমার মনে হয়, আমরা নিজেদের সেভাবে প্রস্তুতই করি না যে, পদক পাবো।’

আরও পড়ুন:

কমনওয়েলথ গেমসের জন্য বরাবরই জায়গা পায় ব্যক্তিগত ইভেন্ট। ফলে দলগত ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা থাকলেও, সুযোগের অভাবে বঞ্চিত হয় দেশ। প্রশ্ন ওঠে, কেন কেবল ব্যক্তিগত ইভেন্টেই অংশ নেয় বাংলাদেশ?

শারমিন রত্না বলেন, ‘আপনি যখন একটা পদকের জন্য প্রস্তুতি নেবেন, সেটার একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে। আমাদের কখেনোই কিন্তু আমরা ৪ বছর পরে কী করতে চাই, সেই পরিকল্পনাটা আমরা সাধারণত ৩ মাস আগে থেকে শুরু করি ওই পরিকল্পনাটা।’

তবে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে দায়িত্ব নিয়েই অবশ্য পদক জয়ের স্বপ্নের কথা শোনালেন সাবেক ফুটবলার জাহিদ পারভেজ।

জাহিদ পারভেজ বলেন, ‘আমাদের লক্ষ্য আছে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ বা সাফে পদক জয়ের। আমরা ধারাবাহিকভাবে যেন দেশের সুনাম বিশ্বের কাছে ফুটিয়ে তুলতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি।’

আশ্বাসের এসব বাণী একপাশে সরিয়ে বাংলাদেশও নিয়মিত পদক তালিকায় জায়গা পাবে, এমনই প্রত্যাশা সাবেক ক্রীড়াবিদ এবং সংগঠকদের।

এসএইচ