সকাল ১০টা। জাতীয় ক্রীড়া পরিষদের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। চলতি নভেম্বরের শেষদিনে নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ের প্রথম ঘণ্টাতেই হাজির ফেডারেশনের বর্তমান সভাপতি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসেই নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল দেশের ৫০ ফেডারেশনের। তবে, একমাত্র আর্চারি ছাড়া আর কেউই এখন নেই নির্বাচনের প্রস্তুতিতে। অনেকে কেবল আগ্রহ দেখালেও তার বাস্তবিক প্রয়োগ নেই।
এনএসসি রিটার্নিং অফিসার সাজিদ বিন জাহিদ বলেন, ‘এ বছরে প্রথমে গল্ফ ফেডারেশন নির্বাচন হয়েছে। জুলাই মাসে হলো বাংলাদেশ প্যারা অলিম্পিক কমিটির নির্বাচন এবং এখন হচ্ছে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের এবং অফিসিয়ালি আমাদেরকে এখনো অন্য কোনো ফেডারেশন দেয়নি। তবে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এবং আমরা আমরা বিশ্বাস করছি এবং যতটুক বুঝতে পেরেছি এই মাসে হয়তো অনেকগুলো আসবে।’
নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা সাজিদ বিন জাহিদ অবশ্য ধারণা করছেন, কিছুদিনের মধ্যেই অন্তত ২৫ শতাংশ ফেডারেশনে নির্বাচন হতে পারে। তবে, সরকারের বেঁধে দেয়া নভেম্বর মাসে সেটা হচ্ছে না, সেটাও যেন একপ্রকার নিশ্চিত।
তিনি বলেন, ‘যেহেতু আজকে এবং কালকে ডেডলাইন হচ্ছে দুদিন। তো প্রথম দিন আসলে তেমন মনোনয়নপত্র বিক্রি হয় না। আর সাধারণত আমরা যেটা দেখে এসেছি শেষ দিনেরটাই বিক্রি হয়। অনেকে এসেছে। প্রসেসটা জানতে চেয়েছে। আজকের দুপুরের মধ্যে হয়তো আজকে কিছু আসবে আর কালকে হয়তো আমরা আশা করছি ভালোই সাড়া পাবো ‘
ফেডারেশনের নির্বাচনের বিষয়ে জানতে এনএসসি পরিচালক জাহিদ পারভেজের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি তার কক্ষে। এমনকি মুঠোফোনেও পাওয়া যায়নি তাকে।





