দীর্ঘদিন বিদেশের মাটিতে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নিতে না পারার আক্ষেপ শেষ হয়েও যেন হলো না শেষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বর্ষাযাপন কবিতার সেই চরণের মতোই অবস্থা বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের।
কাজাখস্তানে ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জন্য চলতি মাসের শুরু থেকেই ২৪ জনকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ। প্রস্তুতিতে কোনো কমতি না রাখতে নিয়োগ দেয়া হয় পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েলকে। নতুন কোচের অধীনে কৌশলগত এবং শারীরিক সবদিক থেকেই নিজেদের প্রস্তুত করেন নারী খেলোয়াড়রা। কিন্তু সব প্রস্তুতিই যেন মুহূর্তেই থমকে গেল এক বার্তায়।
খেলোয়াড়দের মধ্যে একজন বলেন, ‘সবাই একটু কষ্ট পাইছিলো। বাট স্যাররা বলেছে যে, তোমরা কেউ কষ্ট পাইও না। স্যাররা চেষ্টা করতেছে অন্য কোনো দেশে যদি ফ্রেন্ডশিপ ম্যাচ খেলা যায়।’
অন্য একজন বলেন, ‘যেহেতু আমরা ডে বাই ডে উন্নতি করতেছি, ওইখানে গেলে এতো বড় বড় দেশের সাথে খেলবো, যারা ওয়ার্ল্ড কাপ খেলে। তো ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যেটা আমরা পারি না, আসলে ওই লেভেল পর্যন্ত আমরা এখনো যাই নাই। তো ওই লেভেলটা খেলতে পারলে আমাদের অনেক কিছু নতুন শেখা হতো বা ধারণা হতো।’
আরও পড়ুন:
আয়োজক দেশ কাজাখস্তানের ভিসা জটিলতার কারণে অংশগ্রহণই করতে পারছে না বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। আজ (শনিবার, ২১ নভেম্বর) তাদের যাত্রা করার কথা ছিল। অনেক বছর পর এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের যাচাই করার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় চরম হতাশ খেলোয়াড় এবং কোচ।
কোচিং স্টাফের একজন বলেন, ‘বাংলাদেশকে একসেপ্ট করছে না কাজাখস্তান। সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলো বাংলাদেশের মানুষদেরকে ভিসা দিচ্ছে না, এন্ট্রেন্স দিচ্ছে না। যে কারণে আমাদের দুর্ভাগ্য, আমরা যেতে পারছি না। অ্যাটলিস্ট ১০টা ইন্টারন্যাশনাল ম্যাচেস মিনিমাম ১০টা ম্যাচ আমরা খেলতে চাই, সাফ গেমসের আগে রিয়াল প্রতিপক্ষের অ্যাগেইনস্টে।’
তবে খেলোয়াড়দের এই দীর্ঘ প্রস্তুতি যেন বৃথা না যায়, সেদিকেও নজর দিচ্ছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। সামনেই রয়েছে এশিয়ান গেমস। সেই আসরের আগে মেয়েদের ফিটনেস এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াতে বিকল্প পথ খুঁজছে ফেডারেশনটি।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ওনাদেরকে জানাইলো যে সরি তোমাদের আমাদের টিপি যেগুলা ফোন করছে যে এই ব্যাপার, তখন ভিসা হচ্ছে না। আমাদের অংশগ্রহণ করতে পারতেছে না। ওদের ভিসা আমাদেরকে দিতে হবে, ওই লিস্টে আমরা বাংলাদেশ নাই। থাইল্যান্ড, চায়না এখনো হয় নাই, থাইল্যান্ডের সঙ্গে কথা বলতেছি।’
এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে না পারার আক্ষেপ থাকলেও মেয়েদের মনোবল ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত বিদেশের মাটিতে কোন প্রতিপক্ষ পায় বাংলাদেশের নারীরা, সেটাই এখন দেখার অপেক্ষা।





