বিশ্বচ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়ন মেন্টালিটি’; ভ্রমণক্লান্তিকে পাশ কাটিয়ে কঠোর অনুশীলনে আর্জেন্টিনা

আর্জেন্টিনার প্রথম দিনের অনুশীলন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে পৌঁছেই অনুশীলনে নেমে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ভ্রমণক্লান্তি এড়িয়ে প্রথম দিনেই কঠোর অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলেছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে দৃঢ়প্রত্যয়ী স্ক্যালোনি বাহিনী।

সাধারণ কোনো সফর নয়, মিশন যখন বিশ্বজয় ধরে রাখার, তখন প্রস্তুতিতেও থাকে রাজকীয় আভিজাত্য। সম্পূর্ণ ভিন্ন ও বিশেষ এক বিমানে চেপে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে এসে পৌঁছেছিলেন মেসিরা।

দীর্ঘ ভ্রমণক্লান্তি এক পাশে ঠেলে, কানসাসে পা রাখতেই আলবিসেলেস্তেরা মেতেছেন ফুটবল উৎসবে। কাতার বিশ্বকাপ জয়ের পর কোপা আমেরিকা জয় তারপর বাছাইপর্বে দাপট ধরে রেখে লক্ষ্য এবার বিশ্বকাপ। আর সে লক্ষ্যকে তাড়া করেই চলছে চূড়ান্ত মহড়া।

কানসাসে পৌঁছানোর পর, সোমবারই কম্পাস মিনারেলস ফ্যাসিলিটিতে নিজেদের প্রথম অফিশিয়াল ট্রেনিং সেশনে যোগ দেয় স্কালোনির দল। বিমানবন্দরে নামার পর থেকেই খেলোয়াড়দের চোখে-মুখে ছিল চনমনে ভাব। আর মাঠে নামতেই গুরু স্কালোনি তাদের মাতিয়ে তুললেন কঠিন অ্যাসাইনমেন্টে।

আরও পড়ুন:

ট্যাকটিক্যাল ড্রিলের পশাপাশি পাসিং ড্রিল এবং তারপর হলো ৪০ মিনিটের এক প্রস্তুতি ম্যাচ। স্পটলাইট যথারীতি ফুটবল জাদুকর লিওনেল মেসির ওপর। আর্জেন্টাইন অধিনায়ক প্রথম দিন থেকেই বল পায়ে দেখালেন চিরচেনা ড্রিবলিংয়ের ঝলক।

কাতার বিশ্বকাপের সেই সোনালী কোর স্কোয়াডকে ঠিক রেখেই ছক সাজাচ্ছেন স্কালোনি। বিশ্বকাপের মুল ম্যাচের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের পরখ করে দেখার সুযোগ পাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

৭ জুন হন্ডুরাসের বিপক্ষে প্রথম ম্যাচ আর আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে জুনের ১০ তারিখে। এবারের বিশ্বকাপে নতুন করে ইতিহাস লেখারও সুযোগ থাকছে মেসিদের সামনে। ১৯৬২ সালে ব্রাজিলের পর দ্বিতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হওয়ার চ্যালেঞ্জ এখন আর্জেন্টিনার সামনে।

বিশেষ বিমানে চড়ে শুরু হওয়া এ রাজকীয় মিশন কি শেষ হবে আরও একটি সোনালী ট্রফিতে? স্কালোনির এ অপরাজেয় বাহিনী কি পারবে ইতিহাসের পাতায় নিজেদের অমরত্বকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যেতে?—সময়ের সাথে হয়তো প্রশ্নগুলোর উত্তর মিলবে, তবে এটা বলাই যায় যে, কোটি ভক্তের প্রত্যাশার পারদ উঁচুতে রেখে কানসাসের এই প্রথম অনুশীলন যেন দিচ্ছে এক নতুন মহাকাব্য রচণারই ইঙ্গিত।

এসএইচ