সেনেগালের বিশ্বকাপ বিপর্যয়: অব্যবস্থাপনার শিকার, নেই খাবার ও কোচের বেতন

সেনেগাল খেলোয়াড়দের গোল উদযাপন
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ খেলতে এসে টিম ওঠেছে নিম্নমানের হোটেলে। খাওয়া-দাওয়ার ব্যবস্থা এতটাই বাজে যে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনতে হচ্ছে ফুটবলারদের। এমনকি দলের কোচ কাজ করছেন চুক্তি ছাড়াই। বিগত কয়েকমাস ধরে পাননি বেতনও। বিশ্বকাপে সেনেগালের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজতে যেয়ে বেরিয়ে এসেছে এমন বিস্ফোরক সব তথ্য।

আফ্রিকান কাপ অব নেশন্সের রানার আপ হয়ে এবারের ফিফা বিশ্বকাপে খেলতে এসেছে সেনেগাল। সমর্থকদের প্রত্যাশা ছিল শক্তিশালী স্কোয়াড নিয়ে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য পাবে তেরাঙ্গারা। তবে গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে খাদের কিনারায় সাদিও মানের দল।

সেনেগালের এমন পারফরম্যান্সের পেছনের কারণ ঘাটতে যেয়ে বেরিয়ে এসেছে ভয়ংকর তথ্য। বিশ্বমঞ্চে দেশের জন্য যাদের লড়াই করার কথা, তারা কিনা লড়ছেন নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য! বেশ কিছু কারণে ক্ষোভে ফুঁসছেন খেলোয়াড়রা। মাঠের বাইরের সংকটের প্রতিফলন দেখা যাচ্ছে দলের পারফরম্যান্সে।

আফকনের সাফল্য ও বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর খেলোয়াড়দের প্রতিশ্রুত বোনাস এখনও পরিশোধ করেনি সেনেগাল ফুটবল ফেডারেশন। দলের বর্তমান কোচ পাপে থিয়াও বিগত কয়েক মাস ধরেই বেতন পাচ্ছেন না। এমনকি বর্তমানে বিনা চুক্তিতে দায়িত্ব পালন করছেন তিনি।

এখানেই শেষ নয়। টুর্নামেন্টে খেলোয়াড়দের আবাসনের জন্য সেনেগাল ফুটবল ফেডারেশন যে টিম হোটেলের ব্যবস্থা করেছে, তার মান অত্যন্ত নিম্নমানের। হোটেলটিতে মানসম্মত খাবারের অভাব থাকায় পুষ্টির চাহিদা মেটাতে খেলোয়াড়দের নিজেদেরই স্থানীয় দোকান থেকে খাবার কিনতে বাধ্য হতে হচ্ছে।

তারকায় ভরা যে দলের মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার কথা, তারা এখন লড়ছে নিজেদের অধিকার আদায়ের জন্য। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের নিজের সেরা দেওয়া কঠিন। টানা দুই হারে সেটা আরও স্পষ্ট।

ইএ