বিশ্বকাপ ফাইনালের আগে উদ্বেগের নাম এখন শুধু ফুটবল নয়, বায়ুদূষণও। কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় বৃহস্পতিবার কুয়াশার মতো ধূসর হয়ে গেছে নিউ ইয়র্কের আকাশ। জারি করা হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট। আর ঠিক এমন সময়, রোববার নিউ জার্সিতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় লড়াই আর্জেন্টিনা বনাম স্পেনের বিশ্বকাপ ফাইনাল।
৮২ হাজারেরও বেশি দর্শককে স্বাগত জানাতে প্রস্তুত স্টেডিয়াম। শেষ মুহূর্তের টিকিটের দাম পৌঁছেছে কয়েক হাজার থেকে প্রায় ৩০ হাজার ডলার পর্যন্ত। তাই মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আবহাওয়া ও বায়ুর মানও। তবে আবহাওয়াবিদদের আশা, শনিবারের বৃষ্টি ধোঁয়া ও দূষণের মাত্রা কমিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
আরও পড়ুন:
ফাইনালে ওঠার পথে দুর্দান্ত ফুটবল খেলেছে দুই দলই। স্পেন সেমিফাইনালে হারিয়েছে শক্তিশালী ফ্রান্সকে। অন্যদিকে, নাটকীয় প্রত্যাবর্তনের ম্যাচে ইংল্যান্ডকে বিদায় করে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা।
এখন প্রশ্ন একটাই— আকাশ কি পরিষ্কার হবে? আর মাঠে শেষ হাসি হাসবে কারা? ধোঁয়াশা কাটিয়ে কি আবারও ইতিহাস গড়বে আর্জেন্টিনা, নাকি ২০১০ সালের পর আবার বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন? সে উত্তর মিলবে রোববারের মহারণে।





