মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল-থানির সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘সামরিক দিক থেকে ইরানের শক্তি কার্যত শেষ। প্রতিবেশী দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমরা বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছি।’ তবে এই ‘স্থিতাবস্থা’ বজায় রাখার অংশ হিসেবে ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ এবং ভূখণ্ড ও ক্যাস্পিয়ান সাগর দিয়ে দেশটির বাণিজ্য বন্ধে ঘোষিত ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
যুদ্ধ সম্পূর্ণ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সামরিক পদক্ষেপ নেওয়া এখন খুব একটা জরুরি বলে মনে হচ্ছে না। তবে পরিস্থিতি বদলালে যেকোনো পদক্ষেপে আমরা পুরোপুরি প্রস্তুত।’ তিনি দাবি করেন, ইসরাইল ও গোটা মধ্যপ্রাচ্যকে ইরানি হুমকি থেকে সুরক্ষা দেয়া হয়েছে এবং সংঘাত খুব দ্রুত অবসানের পথে রয়েছে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো মিত্রদের সুরক্ষার স্বার্থেই এমন দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে মরিয়া অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে লেখেন, ‘ইরানের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ ইতিমধ্যে মার্কিন সরকারকে বিধ্বস্ত করেছে। কিন্তু দিকভ্রান্ত হয়ে এক মরিয়া জুয়াড়ির মতো ছটফট করছে ওয়াশিংটন। কাল্পনিক আলোচনা নিয়ে এসব ভুয়া খবর তৈরি বন্ধ করুন।’ অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থার অবসান চেয়েছেন। পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনার পথ খোলা রেখেছে, তবে কোনো ধরনের বলপ্রয়োগ বা আধিপত্যবাদী হুমকির কাছে মাথানত করবে না।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়া এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলাসহ নানা ফ্রন্টে যুদ্ধ ছড়িয়ে পড়ে। সংকট সমাধানের লক্ষ্যে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, হিমায়িত অর্থ ছাড় এবং লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধসহ সাত দফা শর্ত দিয়ে আসছে তেহরান। দীর্ঘদিনের মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুদ্ধ অবসানে ইরানের একটি দুই দিনের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বলে জানা গেছে।
—আল জাজিরা প্রতিবেদনে অবলম্বনে





