ফসলী মাঠের উর্বর মাটি কেটে ক্ষত-বিক্ষত করে ফেলা হচ্ছে আবাদী জমি। গভীর রাতে খুঁড়ে কৃষি জমির উপরিভাগের উর্বর মাটি নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। স্থানীয়দের অভিযোগ মেহগনি গাছের বাগান ও বাঁশঝাড় কেটে ফেলার পর সেখানকার মাটিও কেটে নেয়া হচ্ছে জোর করে। এতে একদিকে যেমন ফসলী জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশেও পড়ছে বিরূপ প্রভাব।
ভুক্তভোগীরা বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের কাছে মাটি কাটা বন্ধের জন্য ধরনা দিয়ে এখন ক্লান্ত।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘মাটি কেটে জোর করে নিয়ে যায় এবং রাত্রেবেলার মধ্যে বিভিন্ন ধরনের ছেলেপেলে নিয়ে আসে।’
কৃষি জমির টপসয়েল বিক্রির কোনো সুযোগ না থাকলেও গ্রামের চাষিদের একাংশ বলছেন, কিছু ফসলী জমির মাটি কাটা হচ্ছে তাদের ইচ্ছাতেই। তবে তারা স্বীকার করেছেন জমি নিয়ে বিরোধের জেরে জমির মাটি বিক্রি করেছেন তারা।
স্থানীয় একজন নারী বলেন, ‘২০-২২ বছর হলে ওরা মনে কর মারে-ধরেই খায়। আমার স্বামী পাথারোজায় তখন আমার ছেলে দুটি ছোট ছোট, তখন থাকি মার খেতেই খেতেই খেতেই খেতেই লাস্টে ওরা বাড়িতে এসে এমন মার মারছে, মার খাওয়া অবস্থায় মারা গেল।’
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ জমি নিয়ে দু’পক্ষের বিরোধের সুযোগে গাইবান্ধার পলাশবাড়ির দোকানঘর এলাকার ফসলী মাঠে মাটি কাটতে শুরু করে স্থানীয় সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম। মাটি কাটা ও ফসলী মাঠে ভাটায় স্থাপনের অনুমতি রয়েছে জানান আমিনুল ইসলাম। তবে কোনো কাগজ দেখাতে পারেননি তিনি।
আমিনুল ইসলাম বলেন, ‘এটা মাটি কাটা তো আমি তো মাটি যেটা কাটছি সেটা হলো ভাটার জন্য কাটছি। আমি কৃষি অফিসারের কাছ থেকে অনুমতি নিছি, সেই কাগজ আছে। প্রথম যখন ১৮ সালে আমি ভাটাটা দেই, আমি অনুমোদন নিয়ে সর্বপত্র পরিবেশ অধিদপ্তরে আবেদন করি। তারা এসে দেখে যায়। তখন কৃষি অফিসার যখন আমাকে অনুমতি দিছে, তখন আমি ১৮ সাল থেকে ভাটা চালু করছি।’
ফসলী জমির মাটি কাটার সুযোগ নেই, অভিযোগ খতিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পলাশবাড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘বাণিজ্যিকভাবে বা অন্য কোনো কাজের জন্য মাটি কাটার কোনো সুযোগ নেই। আইনগত এটি দণ্ডনীয় অপরাধ। আমাদের কাছে এর আগে কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযোগটি পেলাম। আমরা খতিয়ে দেখছি যদি এটি সত্য হয়, তাহলে আমরা যে কাজ করছে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো।’
ফসলী মাঠ বাঁশঝাড় ও মেহগনি গাছের বাগানসহ এ পর্যন্ত কমপক্ষে ২০ বিঘা জমির মাটি কাটা হয়েছে বলে জানা গেছে।





