ফরিদপুরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪ জন

ফরিদপুর হাসপাতালে ডেঙ্গু রোগী
স্বাস্থ্য
এখন জনপদে
0

ফরিদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সরকারি হিসাব অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ১৭৩ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১০ জনের। এর বাইরেও বেসরকারি হাসপাতালগুলোতেও প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে প্রতিদিন শহরের বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। তবে এসব উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতার ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এজন্য প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘বাসাবাড়ি ও আশপাশের কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর মতো রোগ থেকে নিরাপদ থাকা সম্ভব হবে।’

ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলয়াছুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘এ পৌরসভা ২৭টি ওয়ার্ড নিয়ে, ডেঙ্গুর আক্রান্তের হার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফগার মেশিনের মাধ্যমে ড্রেন, বাসাবাড়ি ও আশপাশের এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে। সরকারি বরাদ্দের সঙ্গে পৌর অর্থায়নে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নগরবাসীকে আহ্বান জানাবো সরকারি উদ্যোগের পাশাপাশি নিজেরাও সচেতন হতে হবে। আমরা সবাই মিলে চেষ্টা করলে ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবো।’

এসএস