প্রধান ঈদ জামাতকে ঘিরে দিনাজপুরে প্রস্তুতি প্রায় শেষ

দিনাজপুরের প্রধান ঈদগাহ
এখন জনপদে
0

দেশের সর্ববৃহৎ ঈদগাঁ মাঠ হিসেবে পরিচিত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই জামাত। জামাতকে ঘিরে মাঠ সংস্কার, কাতার নির্ধারণ, মাইক স্থাপনসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর পৌরসভার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রধান ঈদ জামাতে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা অপেক্ষা করছেন। পৌরসভার প্রধান সহকারী মুতিবুর রহমান বাচ্চু জানান, প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:

জানা গেছে, স্বাধীনতার পূর্বকাল থেকেই এ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৬ সালে মাঠ সম্প্রসারণ ও দৃষ্টিনন্দন মিনার নির্মাণের পর প্রায় ২৩ একর এলাকাজুড়ে বৃহৎ পরিসরে জামাত আয়োজন করা হচ্ছে। ৫১৭ ফুট দৈর্ঘ্যের মিনারে রয়েছে ৫২টি গম্বুজ এবং মূল মিম্বারের উচ্চতা ৫৫ ফুট।

এদিকে ঈদের জামাতকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং টহল পুলিশ মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবে। পাশাপাশি ওয়াচ টাওয়ার স্থাপন এবং প্রবেশপথে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির ব্যবস্থাও রাখা হয়েছে।

এএম