নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীতে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
এখন জনপদে
0

নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পক্ষে সিনিয়র ব্যবস্থাপক মো. জাকির হোসেন তার বক্তব্যে জানান, নরসিংদীর মাধবদীর কান্দাপাড়া এলাকায় গড়ে তোলা হচ্ছে শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানাটি। নির্মাণাধীন এ কারখানাটিতে স্থানীয় কিছু চাঁদাবাজ বেশ কয়েকদিন ধরেই ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো।

এসময় তিনি দাবি করেন, গত ১৪ এপ্রিল দুপুরে স্থানীয় চাঁদাবাজ হিসেবে চিহ্নিত রোমানের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল নির্মাণাধীন কারখানাটিতে হামলা-ভাঙচুর এবং ব্যাপক লুটপাট চালায়। কারখানায় কর্মরত প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিকিউরিটি ইনচার্জসহ বেশ কয়েকজনকে আহত করে সাইড অফিসে রক্ষিত সাড়ে ৭ লাখ টাকাও ছিনিয়ে নেয় চক্রটি।

আরও পড়ুন:

কারখানা কর্তৃপক্ষ জানায়, এ বিষয়ে মাধবদী থানায় লিখিত অভিযোগ দেয়ার পরও মিলছে না প্রতিকার। এরপর হতে কারখানা কর্তৃপক্ষ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত এ দোষিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানান কারখানা কর্তৃপক্ষ।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে সাংবাদিকদের জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে কারখানার উপ-ব্যবস্থাপক (প্রশাসন) খোরশেদ আলম সিদ্দিকিসহ কারখানার অন্যরাও উপস্থিত ছিলেন।

এসএইচ