বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু; আতঙ্কে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

হাসপাতালে শিক্ষার্থীরা
এখন জনপদে
0

বরগুনায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বজ্রপাতের পর ছড়িয়ে পড়া আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৫ জন শিক্ষার্থী। আজ (বুধবার, ২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে এসব দুর্ঘটনা ঘটে।

আমতলী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূজাখোলা এলাকায় নিজের ফসলি মাঠে কাজ করছিলেন কৃষক নুরজামাল। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন:

এদিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন স্কুল ভবনের একটি শ্রেণি কক্ষের ঠিক পাশেই বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আতঙ্কিত হয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

আহত ও অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আটজন শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকি সাতজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন:

বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ও আহত প্রত্যেক শিক্ষার্থীর জন্য সাত হাজার টাকা করে অনুদান প্রদান করা হবে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং পর্যবেক্ষণে রয়েছে।

এসএস