দিনাজপুরের বৃহত্তম ঈদ জামাতকে ঘিরে থাকবে কড়া নজরদারি: জেলা প্রশাসক

ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ
এখন জনপদে
0

ঈদুল আজহাকে ঘিরে দিনাজপুরের কেন্দ্রীয় বড় ঈদগাহ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল (বৃহস্পতিবার, ২৮ মে) অনুষ্ঠিত হতে যাওয়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাতকে সামনে রেখে দিনরাত কাজ করছেন দিনাজপুর পৌরসভার শ্রমিকরা। মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করা, মুসল্লিদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ।

আজ (বুধবার, ২৭ মে) দুপুরে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. মুসা আল জেদান। এ সময় তারা প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে জেলা প্রশাসক জানান, সকাল ৭টা ১৫ মিনিট থেকে ঈদের বয়ান শুরু হবে এবং প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। মুসল্লিদের সুবিধার্থে মাঠের চারপাশে ১৬টি প্রবেশপথ রাখা হয়েছে।

নিরাপত্তা জোরদারে মাঠে নির্মাণ করা হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠের ভেতর ও বাইরে সাদা পোশাকধারী পুলিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের জামাত সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

এএইচ