ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বিশ্বমানের হবে, কোনো স্বজনপ্রীতি থাকবে না: ফখরুল

ঠাকুরগাঁও
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখন জনপদে
0

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে বিশ্বমানের, এখানে মেধাবীরাই স্থান পাবে। শিক্ষক বা কর্মচারী নিয়োগে কোনো স্বজনপ্রীতি থাকবে না, যোগ্যরাই চাকরি পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৯ মে) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জন্য কৃষিজমি বেশি নষ্ট করা হবে না। বিশ্ববিদ্যালয়ের ভবন উপরের দিকে সম্প্রসারণ করা হবে। যতটুকু জমি প্রয়োজন, শুধু ততটুকুই ব্যবহার করা হবে।’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যেন বেকারত্ব না বাড়ে, সেদিকে লক্ষ্য রেখে বিষয় বা বিভাগ খোলার নির্দেশ দেন তিনি।

এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজের জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘এ বিশ্ববিদ্যালয় আমাদের গর্ব। তাই এখানে পড়াশোনার মান যেন বিশ্বমানের হয়। বিশ্বের র‍্যাঙ্কিংয়ে যেন এ বিশ্ববিদ্যালয়ের নাম থাকে।’

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ইস্রাফিল শাহিন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

এএইচ