সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য
এখন জনপদে
0

সিলেটে হাম উপসর্গ নিয়ে গত একদিনে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। আজ (শুক্রবার, ২৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

মৃত শিশু আরিমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে নতুন করে কোনো রোগীর হাম শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৯ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৮৬ জন, সিলেটে ৪২, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারের ১৬ জন রোগীর হাম শনাক্ত হয়েছে।

এএইচ