ফিফা বিশ্বকাপ ভেন্যু সমাচার; ফুটবল জ্বরে কাঁপছে ফিলাডেলফিয়া

ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বেজে উঠেছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের দামামা। যে শহর এতাদিন বুঁদ হয়েছিলো আমেরিকান ফুটবলের উন্মাদনায়, সেই ফিলাডেলফিয়া এখন কাঁপছে বিশ্বকাপের খাটি ফুটবল জ্বরে। হ্যাঁ, ফুটবল এখন এই শহরের দখল নিয়েছে। এবারের আসরের ১৬টি ভেন্যুর মধ্যে এটি অন্যতম।

আমেরিকানদের কাছে যা ‘সকার’, পুরো বিশ্ব তাকে চেনে ‘ফুটবল’ নামে। তবে নাম যাই হোক, গোল বলের আসল জাদু এবার দেখতে যাচ্ছে ফিলাডেলফিয়া। আমেরিকার ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও ঐতিহাসিক ভেন্যু ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড’ এখন সেজে উঠছে ফুটবলের সবচেয়ে বড় মহোৎসবের জন্য।

এ মাঠে উত্তেজনা কতটা জমজমাট হবে, তা বোঝা যায় এই মাঠের সূচি দেখলেই। আগামী ২০শে জুন এই মাঠেই হাইতির বিপক্ষে খেলতে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সাম্বার জাদুকরদের বরণ করতে স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের ধুমধাম প্রস্তুতি। ফুটবলারদের পায়ের জাদু যাতে আরও গতি পায়, সেজন্য পুরো মাঠ ঢেলে সাজানো হচ্ছে। আর এ মাঠ এখন পুরোপুরি ফিফার নিয়ন্ত্রণে।

আরও পড়ুন:

শুধু স্টেডিয়ামে নয়, পুরো শহরের আনাচে-কানাচে এখন উৎসবের হাওয়া। সিটি সেন্টারের কাউন্টডাউন ঘড়ি মনে করিয়ে দিচ্ছে-উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি।

কাকতালীয়ভাবে, ২০২৬ সালেই আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূরণ হচ্ছে। আর সেই বড় উৎসবের সাথেই এবার হাত মেলাচ্ছে ফুটবল বিশ্বকাপ।

সিনেমার সেই বিখ্যাত ‘রকি’র মতো লড়াকু মেজাজ এখন ফিলাডেলফিয়ার অলিতে-গলিতে। আর দুনিয়ার নানা দেশ থেকে আসা দর্শকদের আপ্যায়ন করতে তৈরি হচ্ছে শহরের সেরা খাবার ‘ফিলি চিজস্টেক’। বিখ্যাত ইতালিয়ান মার্কেট থেকে শুরু করে রিডিং টার্মিনাল-সবখানেই এখন সাজসাজ রব। বিদেশি অতিথিদের স্বাগত জানাতে তৈরি পুরো শহর।

প্রস্তুত ফিলাডেলফিয়া, আমেরিকার সুন্দর এ শহরও প্রস্তুত, আর অধীর আগ্রহে অপেক্ষা করছে সারা বিশ্বের লাখো ফুটবলপ্রেমী। ব্রাজিলের মতো বড় দলের খেলা দিয়ে বিশ্বমঞ্চে ধামাকা দেখাতে ফিলাডেলফিয়া এখন পুরোপুরি তৈরি। এবার শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা।

এসএইচ