নিহতরা হলেন— কলমাকান্দা উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪) এবং একই গ্রামের সজিব মিয়ার ছেলে সোহান (২০)। আহত বিল্লাল (১৮) একই গ্রামের নিজামুদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে দু’টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক কলমাকান্দা-দুর্গাপুর সড়কের রহিমপুর বাজারে যান। চা পান শেষে রাত ১টার দিকে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একটি মোটরসাইকেল চান্দুয়াইল এলাকায় পৌঁছালে পেছনের মোটরসাইকেলটিকে দেখতে না পেয়ে তারা উল্টো পথে খুঁজতে যান। পরে গজারমারি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে খাদে তিন মোটরসাইকেল আরোহীকে পড়ে থাকতে দেখেন তারা।
আরও পড়ুন:
দ্রুত তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত নিবিড় ও সোহানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, নিহত দুই যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিনা ময়নাতদন্তে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





