সরজমিনে দেখা যায়, জয়নগর থেকে ১ দশমিক ৮ কিলোমিটার সড়কের কাজের একেবারে বেহাল দশা। তথ্যমতে, রাস্তাটি ২৫ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও সড়কের কোথাও তার বাস্তবায়ন নেই বললেই চলে।
স্থানীয়রা জানান, কার্পেটিংয়ের পূর্বে সড়কটি পিচ দিয়ে ভিজিয়ে কার্পেটিং করার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। যার কারণে সড়কের বেশিরভাগ অংশেই উঠে যাচ্ছে কার্পেটিং, বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যকর অবস্থা বিরাজমান। এদিকে কাজটি বাস্তবায়নকারী ঠিকাদার প্রতিষ্ঠানের দায়সাড়া ভাব আছে বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা এরশাদ বলেন, ‘সড়কে যথেষ্ট অনিয়ম রয়েছে, এভাবে কাজটি করা হলে আগামী ৩ মাসও চলা যাবে না। সড়কের মাঝখানে আমি গর্ত করে দেখেছি কোথাও ২৫ মিলিমিটার পিচ ঢালাই নেই। তাছাড়া এলজিইডি লোকজন এবং ইউএনও এসেছেন-দেখেছেন। তারা কী করে, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি।’
স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা গাজী মিনার আলম বলেন, ‘আমাদের পকেটের টাকা দিয়ে উন্নয়ন হচ্ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের এমন দুর্নীতির বিরুদ্ধে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়, তাহলে আমরা মানববন্ধনে যাবো।’
আরও পড়ুন:
স্থানীয়রা অভিযোগ করেন, গাজী এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ লালমাইয়ের বিভিন্ন স্থানে কাজ করে আসছে। অতীতেও তাদের দুর্নীতি নিয়ে কথা উঠেছে। তবে কোনো প্রকার ব্যবস্থা না নেয়ায় তারা কাউকে তোয়াক্কা না করেই কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে গাজী এন্টারপ্রাইজের মালিক পরিচয় দেয়া গাজী মনিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সরকার আমাকে যেভাবে কাজ করতে বলেছে আমি ঠিক সেই ভাবেই কাজটি করছি।’
কাজের বিষয়ে জানতে চাইলে তিনি এলজিইডি অফিসে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে বলেন এবং ফোন রেখে দেন।
লালমাই উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটি নিয়ে ভাইরাল ভিডিওটি দেখে শনিবার (২৭ জুন) সকালেই জেলা এলজিইডি অফিস থেকে লোকজন এসেছে, আমিও বিষয়টি দেখেছি। কাজ বন্ধ করে দেয়া হয়েছে, আমরা ঠিকাদার প্রতিষ্ঠানকে কিছু শর্ত দিয়েছি। যদি এগুলো মেনে সে কাজ করতে পারে, তাহলে করবে, না হয় কাজ বন্ধ থাকবে।’
লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, ‘স্থানীয়রা আমাকে মুঠোফোনে বিষয়টি জনালে ঘটনাস্থলে যাই এবং কাজ পরিদর্শন করি। সেক্ষেত্রে এলজিইডির দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রকৌশল দিক থেকে কিছু নির্দেশনা দেই এবং আগামী দিনে রাস্তার কাজ ভালোভাবে করার জন্য নির্দেশনা দেই।’





