টাঙ্গাইলে ‘ডাকাতির চেষ্টা’; স্থানীয়দের হাতে গণপিটুনিতে নিহত ডাকাতদলের এক সদস্য

টাঙ্গাইল
নিহত শুকুর আলী
এখন জনপদে
0

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে শুকুর আলী (২৫) নামের ডাকাতদলের এক সদস্য আটকের পর গণপিটুনিতে নিহতের ঘটনা ঘটেছে। নিহত শুকুর আলী কালিহাতীর নারিন্দা এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

আজ (শুক্রবার, ৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার কদিমধল্যা এলাকায় রোডে অপারেশনাল ইউনিট নামের নির্মাণাধীন এক সরকারি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদলের ৫ থেকে ৬ জন সদস্য পিকআপ নিয়ে পালিয়ে যায়। তবে ডাকাতদের প্রহারে আহত হয়েছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা প্রহরী খোকন শেখ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে পিকআপযোগে ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল ওই প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে আসে। তারা জোরপূর্বক প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করতে গেলে নিরাপত্তা প্রহরী খোকন শেখ বাধা দেন। বাধাপ্রাপ্ত হয়ে তারা নিরাপত্তা প্রহরীকে মারধর করে।

আরও পড়ুন:

এসময় খোকন শেখের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে শুকুর আলীকে আটক করে গণধোলাই দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ৫ থেকে ৬ জন ডাকাত পিকআপ নিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান জানান, পুলিশ নিহতের মরদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এছাড়া নিরাপত্তা প্রহরীকে স্থানীয় জামুর্কী উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম জানান, তার মাথায় সেলাই দেয়া হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শুকুর আলী ওই প্রতিষ্ঠান চুরি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। তার নামে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে।’

ঘটনাটি ডাকাতি কি না জানতে চাওয়া হলে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে।

এসএইচ