যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ

পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান
এখন জনপদে
2

পাবনার কাজিরহাটে যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ (সোমবার, ৩ আগস্ট) দুপুরের দিকে বেড়া উপজেলার আমিনপুর থানা এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ দুই শিক্ষার্থী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই কিশোর পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল।

দুপুর ১২ টার দিকে তারা বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুজনই তলিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে।

পাবনা কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে।’

এএইচ