ফ্যাসিস্ট-ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির আপস হবে না: এমপি আব্দুস সালাম

নারায়ণগঞ্জ
কথা বলেছেন এমপি আব্দুস সালাম আজাদ
এখন জনপদে
1

বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে দলটির কোনো আপস হবে না।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নতুন কোর্ট এলাকায় জেলা বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একইভাবে জুলাই বিপ্লবের স্বীকৃতির ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। তার নেতৃত্বে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সফল পরিণতির দিকে এগিয়েছে।’

তিনি দাবি করেন, বিগত সময়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী রাজনৈতিক মামলার আসামি হয়েছেন এবং প্রায় সাত হাজার নেতাকর্মী হত্যা ও গুমের শিকার হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে বিএনপি কর্মী শাওনকে গুলি করে হত্যার ঘটনাও উল্লেখ করেন।

আরও পড়ুন:

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান বলেন, ‘গত ১৬ বছরে যেসব নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অনেকেই এখনও যথাযথ মূল্যায়ন পাননি।’

তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর অর্থের বিনিময়ে দলে সক্রিয় হওয়া কিছু ব্যক্তিকে গুরুত্ব দেয়ার কারণে ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত হচ্ছেন। এর নেতিবাচক প্রভাব ছাত্রদলের ওপর পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এসএইচ