আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে সানারপাড় এলাকায় হেদায়েত এন্টারপ্রাইজের কেমিক্যালের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘বিকেল পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
আরও পড়ুন:
তিনি জানান, এটি ফার্নিচারের বার্নিশ তৈরির কেমিক্যাল রাখার একটি গোডাউন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেমিক্যালের ড্রাম গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটার সময় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গোডাউনের পাশের একটি মোটরসাইকেল গ্যারেজ ও একটি খালি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।





