চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল দুই গার্মেন্টসকর্মীর

চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
এখন জনপদে
0

চট্টগ্রামে বাসচাপায় দুই গার্মেন্টসকর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অরুণ দাশ (৫৯) ও আজিজুল হক জিপসি (২২)। অরুণ ভিজুয়াল গার্মেন্টসে এবং আজিজুল রয়েল টেক্সটাইল গার্মেন্টসে কাজ করতেন। অরুণ বসবাস করতেন বালুছড়া এলাকায়। আজিজুলের পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

ভিজুয়াল গার্মেন্টসের কর্মী ওমর ফারুক জানিয়েছেন, সকালে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন অরুণ ও আজিজুল। এসময় হাটহাজারীমুখী ৩ নাম্বার রুটের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ওই দুজন ছাড়াও আরেক নারী পথচারী আহত হন। আহত নারী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

আজিজুলকে প্রথমে চমেক হাসপাতালে নেয়া হয়। পরে রয়েল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় তার। হাসপাতালটির রিসিপশনের কর্মী সৈকত দে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলেম আশেক।

বায়েজিদ বোস্তামি থানার এসআই শাহদাত হোসেনের ভাষ্য, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাস ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

এসএইচ