আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আবদুস সালাম (৪০)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূঁইয়ার ছেলে। আবদুস সালাম শিবচর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাদারীপুর আদালতে আসামি রেখে শিবচরে ফিরছিল পুলিশের একটি পিকআপ। বিকেল ৪টার দিকে গাড়িটি পখিরা এলাকায় পৌঁছালে সড়কে থাকা সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) পাশ কাটিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে পিকআপটি সড়কের পাশে উল্টে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় গাড়িতে থাকা পুলিশ সদস্য আবদুস সালাম গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও চার পুলিশ সদস্য আহত হন। পাশাপাশি শিশু ইমা আক্তার, তার বাবা ইব্রাহিম সরদারসহ স্থানীয় আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা ও পুলিশ আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন চার পুলিশ সদস্যের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘মাদারীপুর থেকে শিবচরগামী পুলিশের গাড়িটি একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং আরও চার পুলিশ সদস্যসহ স্থানীয় কয়েকজন আহত হয়েছেন।’





