ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ
ঘটনাস্থলে স্থানীয়রা
এখন জনপদে
0

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি বাবরা রেলগেট এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এসএইচ