রাঙামাটিতে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

জেলা ও দায়রা জজ আদালত, রাঙামাটি
আইন ও আদালত
এখন জনপদে
0

রাঙামাটিতে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে অসম্মতি জানানোয় হাছিনা বেগম সুমি (২৮) নামে নারীকে হত্যার মামলায় একমাত্র আসামি মাহিবুর কামাল প্রকাশ মহিবুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুরে রাঙামাটি দায়রা জজ মো. আহসান তারেক আদালতে আদেশ দেন। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। রায় কার্যকর করতে গ্রেপ্তার আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দণ্ড পাওয়া আসামি মহিবুল্লাহ নেত্রকোণা জেলার মদন থানার কাইটাইল গ্রামের বাসিন্দা মো. মনির উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের সময় তিনি রাঙামাটির কাপ্তাই নতুন বাজার জাকির হোসেন ‘স’ মিল এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন:

মামলার তথ্যমতে মাদক ব্যবসা ও অসামাজিক কাজে অসম্মতি জানানোর জেরে খুনের শিকার হাছিনা বেগম সুমি (২৮) গত ২০২২ সালের ১১ মার্চ বিকেলে নিখোঁজ হন। পরদিন কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করে মরদেহ গুম করার উদ্দেশে দাহ্য জাতীয় পদার্থ দিয়ে মরদেহে আগুন লাগিয়ে মরদেহ বিকৃত করে ফেলে যায়। এ ঘটনায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত মামলার একমাত্র আসামির মৃত্যুদণ্ডের রায় দেন।

রায়ে আসামির মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই রায়ের বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে পারবেন বলে জানানো হয়।

তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামির আইনজীবী রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য মো. মাসুম।

এসএস